নওগাঁর মহাদেবপুরে গতকাল বুধবার আদিবাসী নেতা আলফ্রেড সরেনের দশম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সরেন হত্যার বিচার দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। জাতীয় আদিবাসী পরিষদ গতকাল বুধবার সকালে নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুরে সরেনের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের পর আমিন কুজুবের সভাপতিত্বে সমাধি প্রাঙ্গণে স্মরণসভা হয়। সভায় বক্তব্য দেন আদিবাসী নেতা সবিন মুণ্ডা, আলফ্রেড সরেনের বোন রেবেকা সরেন, বাসদের নওগাঁ জেলা শাখার সমন্বয়ক জয়নাল আবেদিন, সিপিবির নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মহসিন রেজা, সাংবাদিক ইমরুল কয়েস প্রমুখ। দুপুর ১২টার দিকে মহাদেবপুর উপজেলার নওহাটার মোড়ে জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এদিকে সরেন হত্যার বিচার ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবিতে আদিবাসী ছাত্র পরিষদ গতকাল রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বেলা ১১টায় নগরের সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা বলেন, ২০০০ সালের ১৮ আগস্ট জাতীয় আদিবাসী পরিষদ ভীমপুর ইউনিয়ন শাখার সভাপতি আলফ্রেড সরেনকে হত্যা করা হয়। এখনো হত্যাকাণ্ডের বিচার শেষ হয়নি। মামলার আসামিরা জামিনে ছাড়া পেয়ে আদিবাসীদের ভয়ভীতি প্রদর্শন এবং তাদের ভূমি দখলের চেষ্টা করছে।বক্তারা মামলার বিচার দ্রুত সম্পন্ন করাসহ আদিবাসীদের দখল হওয়া জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানান। মানববন্ধন কর্মসূচিতে আদিবাসী ছাত্র পরিষদ নেতা হরেন্দ্রনাথ সিং, মানিক সরেন, নবদ্বীপ লাকড়া, পরিমল মাহাতো, সাবিত্রী হেমব্রম, সুকুমার রবিদাস প্রমুখ বক্তব্য দেন। মানববন্ধন কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি অনিল মারাণ্ডি, কমিউনিস্ট পার্টির মহানগর সভাপতি আবুল কালাম আজাদ, জাসদের মহানগর সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ শিবলী, শাহজাহান আলী বরজাহান প্রমুখ।