রাজশাহী চিনিকলের ৪৪ কোটি টাকার চিনি অবিক্রীত
রাজশাহী চিনিকল কর্তৃপক্ষ গত ছয় মাসে তাদের কোনো পরিবেশকের কাছে চিনি বিক্রি করতে পারেনি। এ কারণে নিজেদের উৎপাদিত চিনির পাশাপাশি বাইরে থেকে কেনা চিনিও অবিক্রীত পড়ে আছে।চিনিকলটিতে প্রায় ৪৪ কোটি টাকার চিনি অবিক্রীত অবস্থায় পড়ে রয়েছে। অপরদিকে, অর্থাভাবে কর্মকর্তা-কর্মচারীরা দুই মাস ধরে বেতন পাচ্ছেন না। চিনিকল সূত্রে জানা গেছে, গত মাড়াই মৌসুমে দুই মাসে দেড় লাখ টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নিয়ে চিনিকলটি উৎপাদনে যায়। আখের অভাবে ৫২ দিনের মাথায় উৎপাদন বন্ধ হয়। দেড় লাখ টনের বিপরীতে মাত্র ৭২ হাজার ৭৫৫ টন আখ মাড়াই করে চার হাজার ৮৭৫ টন চিনি উৎপাদন করে। অপরদিকে, গত রমজান মাসের বাজার নিয়ন্ত্রণের জন্য সরকার রাজশাহী চিনিকলে প্রায় আট হাজার টন চিনি বাইরে থেকে কিনে রেখেছিল। সেই চিনিরও প্রায় অর্ধেক পড়ে রয়েছে। এখন চিনিকলে প্রায় আট হাজার মেট্রিক টন চিনি অবিক্রীত পড়ে রয়েছে। চিনি বিক্রি না হওয়ায় কর্তৃপক্ষ কর্মচারীদের বেতন পরিশোধ করতে পারছে না। রাজশাহী চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বলেন, বেতন না পাওয়ায় কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে কষ্টের মধ্যে আছেন। চিনিকলের যে ঋণ রয়েছে, প্রতিদিন তার সুদ বাড়ছে। তাঁর মতে, চিনির দাম কমিয়ে বিক্রি করে ঋণ শোধ করা উচিত। জেলায় এই চিনিকলের ৩৩ জন পরিবেশক রয়েছেন। তাঁরা গত ছয় মাসে চিনিকল থেকে কোনো চিনি উত্তোলন করেননি। জানতে চাইলে রফিকুল ইসলাম নামের রাজশাহীর একজন পরিবেশক বলেন, রাজশাহী চিনিকলের এক কেজি চিনির দাম রাখা হয়েছে ৫৫ টাকা। তা ছাড়া এর সঙ্গে পরিবহন ও অন্যান্য খরচ রয়েছে। এই দামে চিনি কিনে বাজারে বিক্রি করার মতো ক্রেতা পাওয়া যাবে না। কারণ, বেসরকারি চিনিকলের চিনি এখন ৪৯ টাকায় পাওয়া যাচ্ছে। রাজশাহী নগরের সাহেববাজার এলাকার আনোয়ার এন্টারপ্রাইজের মালিক আনোয়ার আলী জানান, তিনি ছয়-সাত মাস আগে সরকারি চিনিকলের চিনি কিনেছিলেন। তখন বেসরকারি ও সরকারি দর প্রায় সমান ছিল। এখন তাঁরা ৪৯ টাকা দরে বেসরকারি কলের চিনি বিক্রি করছেন। তাহলে কেন ৫৫ টাকা দরের চিনি কিনতে যাবেন! সরকার কেন দাম কমাচ্ছে না!মহাব্যবস্থাপক (প্রশাসন) পিয়ারুজ্জামান বলেন, বাজারে বেসরকারি কলের চিনির দাম কম হওয়ায় তাঁদের চিনি বিক্রি হচ্ছে না। চিনির দাম কমাতে গেলে উৎপাদন খরচ উঠবে না। এদিকে বাইরে থেকে যে চিনি কেনা হয়েছিল, তার দাম পড়েছিল ৫৮ থেকে ৫৯ টাকা কেজি। এ কারণে তাঁরা সেই চিনিও কম দামে দিতে পারছেন না।