রাজশাহী চেম্বারের নতুন পরিষদের শপথ গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিষদের শপথ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে চেম্বার ভবনের সম্মেলনকক্ষে এ শপথ গ্রহণ ও ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠান হয়। এতে রাজশাহী-২ (সদর) আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা তাঁদের শপথবাক্য পাঠ করান।
প্রথমে এককভাবে শপথ নেন চেম্বারের নবনির্বাচিত সভাপতি মনিরুজ্জামান। এরপর সহসভাপতি মনজুর রহমানসহ ১২ জন পরিচালককে একসঙ্গে শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি ফজলে হোসেন বাদশা। এ সময় তিনি বলেন, এই শপথ শুধু চেম্বার ভালোভাবে চালানোর শপথ নয়। ভাবতে হবে, এই শপথ রাজশাহীর উন্নয়ন করার শপথ। সরকারের পাশাপাশি ব্যবসায়ীদেরও স্থানীয় উন্নয়নে ভূমিকা রাখতে হবে। এ জন্য তিনি ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক আতাউল গণি। স্বাগত বক্তব্য দেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান। এ সময় রাজশাহীর বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
১ নভেম্বর রাজশাহীর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০১৭-১৮ দ্বিবার্ষিক নির্বাচন হয়। নির্বাচনে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সভাপতি মনিরুজ্জামান আগের পরিষদেও একই পদে ছিলেন।
১৪ সদস্যবিশিষ্ট পরিচালনা পরিষদের সহসভাপতি নির্বাচিত হন মনজুর রহমান। পরিচালকেরা হলেন হাসেম আলী, ফরিদ উদ্দিন, মাসুদুর রহমান, এস এম এহেসান, আতিকুর রহমান, সাদরুল ইসলাম, আহসান উদ্দিন সরকার, তানজিলুর রহমান, খন্দকার ফয়সাল আহম্মেদ, রফিকুল ইসলাম, তৌরিদ আল মাসুদ, এস এম আইয়ুব।