রাজশাহী জামায়াতের আমির আরও একটি মামলায় গ্রেপ্তার
রাজশাহী মহানগর জামায়াতের আমির আতাউর রহমানকে গত বৃহস্পতিবার আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এতে আগের তিনটি মামলায় আতাউর জামিন পেলেও এখনই তিনি ছাড়া পাচ্ছেন না।এ ব্যাপারে নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গত বছরের ৮ ফেব্রুয়ারি ছাত্রলীগের কর্মী ফারুক হত্যার ঘটনায় ২৫ নম্বর মামলায় আতাউর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।এদিকে আতাউরের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, দুবার স্ট্রোক করলেও কারা কর্তৃপক্ষ আতাউরকে উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছে না। কয়েক দফা আদালত থেকে জামিন পেলেও পুলিশ একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাঁকে জেলহাজতে আটকে রাখছে। গতকাল শুক্রবার নগরের তেরখাদিয়ায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা এ অভিযোগ করেন।আতাউরের বড় মেয়ে খালেদা নাসরিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ২০ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো আতাউর রহমান স্ট্রোক করলে তাঁর বুকের বাম পাশ অবশ হয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য গত বুধবার মহানগর হাকিম আদালতে জামিন আবেদন করলে আদালত ৬ মার্চ পর্যন্ত জামিন মঞ্জুর করেন। কিন্তু পরের দিনই পুলিশ আরও একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে। ফলে আশঙ্কাজনক অবস্থায় তিনি কারাগারে রয়েছেন। মানবিক দিক বিবেচনা করে চিকিৎসার জন্য আতাউরকে জামিনে মুক্তি দেওয়ার দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আতাউরের স্ত্রী ইসমত আরা হেনা, জামাতা ও মহানগর জামায়াতের প্রচার সম্পাদক ইমাজ উদ্দিন মণ্ডল এবং ভাতিজা মায়ুন কবির।