বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, এ বছরই রাজশাহী জুট মিল-২ চালু করা হবে। এ ছাড়া পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে বন্ধ হয়ে যাওয়া নর্থ বেঙ্গল পেপার মিলও চালু করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। গতকাল বুধবার রাজশাহী ও পাকশীর ওই দুটি কারখানা এলাকা পরিদর্শন করে তিনি এ ঘোষণা দেন।বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী জুট মিল পরিদর্শন করে মন্ত্রী সাংবাদিকদের বলেন, কারখানাটি চালু করার জন্য সরকার সক্রিয় রয়েছে। তাঁরা আশা করছেন, চলতি বছরের মধ্যেই এটি চালু করা যাবে। তিনি বলেন, রাজশাহী জুট মিলের যেসব কর্মচারী অবসর নিয়ে এখনো অবসর-ভাতা পাননি, আগামী ফেব্রুয়ারির মধ্যে তাঁদের ভাতাসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করা হবে। দুপুর ১২টার দিকে মন্ত্রী রাজশাহী ত্যাগ করেন।নাটোরের লালপুর হয়ে পাটমন্ত্রী দুপুর দুইটায় পাকশীতে আসেন। সেখানে তিনি বন্ধ হয়ে যাওয়া নর্থ বেঙ্গল পেপার মিল পরিদর্শন করেন।