রাজশাহী জুটমিল শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ
সরকারঘোষিত মজুরি কমিশনের তৃতীয় কিস্তির বকেয়া মজুরি পরিশোধের দাবিতে গতকাল বুধবার রাজশাহী জুট মিলের শ্রমিকেরা এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন। এ সময় তাঁরা একটি অটোরিকশা ভাঙচুর করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে নয়টার দিকে শ্রমিকেরা কাজ বন্ধ করে দিয়ে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করেন। এক ঘণ্টাব্যাপী এ অবরোধে সড়কের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। শ্রমিকেরা সড়কের ওপরই সমাবেশ শুরু করেন। এতে জুট মিল শ্রমিক ইউনিয়নের সভাপতি এমদাদুল হক, সহসভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইলিয়াস আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বক্তব্য দেন।
বক্তারা বলেন, মজুরি কমিশনের বকেয়া মজুরি পরিশোধের সর্বশেষ সময় ছিল গত ৩১ জুলাই। কিন্তু বারবার প্রতিশ্রুতি দিয়েও মিল কর্তৃপক্ষ টালবাহানা করছে। অবিলম্বে এ অর্থ পরিশোধ করা না হলে শ্রমিকেরা লাগাতার আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
মতিহার থানার ওসি আবদুস সোবহান বলেন, পুলিশের বাধার কারণে অন্য গাড়িগুলোতে হামলা চালাতে পারেননি।