রাজশাহী জেলা ছাত্রলীগের সেই নেতা বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নথি লুটের অভিযোগে জেলা ছাত্রলীগের সমাজকল্যাণ সম্পাদক আজিজুল বারি ওরফে রুমিকে সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি জি এম হীরা ও সাধারণ সম্পাদক কামরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে আজিজুল বারিকে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে জেলা ছাত্রলীগের সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত মঙ্গলবার পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পথ্য সরবরাহের দরপত্র ছিনতাই ও হাসপাতালের কর্মচারীকে মারধরের অভিযোগে আজিজুল বারির বিরুদ্ধে হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক একটি মামলা করেন। এ নিয়ে গত বুধবার প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। বহিষ্কারের ব্যাপারে জানতে চাইলে আজিজুল বারি জানান, তিনি এ বিষয়ে এখনো কিছু জানেন না। তিনি আরও জানান, তিনি গ্রুপিংয়ের রাজনীতির শিকার। তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।