রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যানের চেয়ারের নিচে সাপ
রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান তাঁর পরিষদের সদস্যদের নিয়ে বুধবার দুপুরে তাঁর কার্যালয়ে বৈঠক করছিলেন। এমন সময় একজন সদস্য দেখেন চেয়ারম্যানের চেয়ারের নিচে একটি সাপ। কথাটি চেয়ারম্যানকে বলার সঙ্গে সঙ্গে তিনি চিৎকার দিয়ে চেয়ার থেকে উঠে পড়েন।
সাপটি আলমারির নিচে গিয়ে আশ্রয় নেয়। এতে অবশ্য সাপটির শেষ রক্ষা হয়নি। পরে কর্মচারীরা সাপটি পিটিয়ে মারেন। এর আগে রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার কক্ষের সামনেও কর্মচারীরা একটি সাপকে ঘুরে বেড়াতে দেখেন। তখন অবশ্য সাপটি পালিয়ে যায়।
স্থানীয় বোরহান বিশ্বাস নামে এক সাপের খামারি প্রথম আলোকে বলেন, ‘পিটিয়ে মারা ওই সাপটি বাতাচিটি নামে পরিচিত। এটা বিষধর কোনো সাপ নয়। তবে কামড় দিলে জ্বালাপোড়া করে। অবশ্য এই সাপের কামড়ে কেউ ভয় পেয়ে হার্ট অ্যাটাক করলে মৃত্যুর ঘটনাও ঘটতে পারে।’
রাজশাহী জেলা পরিষদের কর্মচারীরা জানান, সাত বছরের বেশি সময় আগে রাজশাহী জেলা পরিষদের পুরোনো ভবনটি ভেঙে ফেলা হয়েছে। তখন থেকে পরিত্যক্ত এক জীর্ণ ভবনকেই বানানো হয়েছে জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়। সেই ভবনের পলেস্তারা এখন খসে খসে পড়ছে। ছাদ চুইয়ে পড়ছে পানি। কার্যালয়ের ফ্লোর রাস্তার চেয়ে নিচু হওয়ার বৃষ্টি হলে ভেতরেই পানি ঢুকে পড়ে। মাঝেমধ্যে ঢুকে পড়ছে সাপ।
জেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা যায়, ১৮৮৫ সালে রাজশাহী জেলা পরিষদ গঠন করা হয়। জেলা পরিষদ কার্যালয়ের জন্য পরের বছর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের পাশে একটি দ্বিতল ভবন নির্মাণ করা হয়। ভবনটি সরকারিভাবে পরিত্যক্ত ঘোষণা করার পর ২০১০ সালে ভেঙে ফেলা হয়। এরপর কোর্ট এলাকায় জেলা পরিষদ কর্মকর্তাদের আবাসিক ভবনে কার্যালয় স্থানান্তর করা হয়। এর কিছুদিন পর নগরীর শ্রীরামপুর এলাকায় পরিত্যক্ত একতলা একটি ভবনকে জেলা পরিষদের অস্থায়ী কার্যালয় করা হয়। এটি আগে জেলা পরিষদের একজন সহকারী প্রকৌশলীর আবাসিক ভবন ছিল।
জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার প্রথম আলোকে বলেন, জরাজীর্ণ বর্তমান কার্যালয়টি অত্যন্ত অস্বাস্থ্যকর। সামান্য বৃষ্টি হলেই ভবনটি ডুবে যায় পানিতে। আর সেই পানির সঙ্গে ঢোকে সাপ, ব্যাঙ। এতে আতঙ্কিত থাকেন তাঁরা। নতুন ভবন নির্মাণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় কাজটি এগোচ্ছে না। কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার কথা ভেবে এই নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।