রাজশাহী জেলার শীর্ষ চার বিদ্যালয়
এসএসসি পরীক্ষায় রাজশাহী জেলায় ফলাফলে শীর্ষ স্থানে রয়েছে রাজশাহী ক্যাডেট কলেজ। সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয় স্থানে রয়েছে রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, তৃতীয় স্থানে আছে রাজশাহী সরকারি বালিকা বিদ্যালয় ও চতুর্থ স্থানে রয়েছে রাজশাহী কলেজিয়েট স্কুল। এই চারটি বিদ্যালয় রাজশাহী শিক্ষা বোর্ডের সেরা দশ বিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডের সেরা দশ বিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে রাজশাহী ক্যাডেট কলেজ। ক্যাডেট কলেজের ৪৪ জন শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। গত বছর ৪৫ জন পরীক্ষা দিয়ে ৪২ জন জিপিএ-৫সহ শতভাগ পাস করেছিল। ক্যাডেট কলেজের অধ্যক্ষ এম আই চৌধুরী জানান, এখানে শিক্ষার্থীদের নিয়মতান্ত্রিক জীবনধারা, কঠোর অনুশীলন ও শিক্ষকমণ্ডলীর নিরলস পরিশ্রমের কারণে শিক্ষার্থীদের এই অভাবনীয় ফল সম্ভব হয়েছে।রাজশাহী বোর্ডে শীর্ষ বিশের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের নাম। এ বিদ্যালয় থেকে ১০০ পরীক্ষার্থীর মধ্যে ৯৪ জন জিপিএ-৫সহ ৯৯ জন পাস করেছে। গত বছর বিদ্যালয়টি বোর্ডে নবম স্থান অধিকার করেছিল।শীর্ষ বিশের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে রাজশাহী সরকারি বালিকা বিদ্যালয়। এ বিদ্যালয়ে ১২০ জন পরীক্ষার্থীর মধ্যে ১১০ জন জিপিএ-৫সহ শতভাগ পাস করেছে। ভালো ফলের ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদ আরা বলেন, ‘আমরা সাজেশন দেওয়ার পরিবর্তে নিয়মিত ক্লাসের মাধ্যমে পুরো বই পড়ানোর ব্যবস্থা করি। ফলে বইয়ের যে কোনো জায়গা থেকে প্রশ্ন করা হলে তারা উত্তর দিতে পারে।’ রাজশাহী কলেজিয়েট স্কুল বোর্ডে শীর্ষে বিশের মধ্যে দশম স্থান অধিকার করেছে। এ বিদ্যালয় থেকে ২০৯ জন পরীক্ষার্থীর ১৫৯ জন জিপিএ-৫সহ ২০৮ জন পাস করেছে। গতবার এ বিদ্যালয়টি রাজশাহী বোর্ডের সেরা দশ বিদ্যালয়ের মধ্যে ষষ্ঠ স্থানে ছিল। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নন্দা ভট্টাচার্য বলেন, ‘নিয়মিত ক্লাস পরীক্ষা এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়।’