রাজশাহী জেলায় করোনা রোগী দুই হাজার ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি রয়টার্স
ছবি রয়টার্স

রাজশাহী জেলায় সংক্রমণের ৯৪তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। এ জেলায় প্রথম কোভিড রোগী শনাক্ত হয় গত ১২ এপ্রিল। গত ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন করে ৬৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন । আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা সিভিল সার্জন মহা. এনামুল হক।

সিভিল সার্জন দপ্তর থেকে পাঠানো তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এ জেলায় প্রথম ১০০ রোগী শনাক্ত হয় ১০ জুন ৫৯তম দিনে। ২৫০ রোগী শনাক্ত হয় ২১ জুন ৬৯তম দিনে। ৫০০ রোগী শনাক্ত হয় ২৭ জুন ৭৫তম দিনে। এক হাজার রোগী শনাক্ত হয়েছে ৪ জুলাই ৮১তম দিনে। দেড় হাজার রোগী শনাক্ত হয় ১০ জুলাই ৮৭তম দিনে। কোভিড-১৯–এ আক্রান্ত ব্যক্তির সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে গতকাল শুক্রবার ৯৪তম দিনে। অর্থাৎ প্রথম এক হাজার রোগী শনাক্ত হতে সময় লাগে ৮১ দিন আর পরের এক হাজার রোগী শনাক্ত হয় মাত্র ১৩ দিনে।

সিভিল সার্জন মহা. এনামুল হক জানান, গতকাল রাতে রাজশাহীর দুটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৬৫ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে রাজশাহী সিটি করপোরেশনের রয়েছেন ৬৩ জন রোগী। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চিকিৎসক, পুলিশ ও র‌্যাবের সদস্য রয়েছেন। এ নিয়ে নগরসহ জেলায় কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৯। এর মধ্যে শুধু রাজশাহী সিটিতে এই রোগীর সংখ্যা ১ হাজার ৬১২। এঁদের মধ্যে গতকাল পর্যন্ত সুস্থ হয়েছেন ৬০২ জন এবং মারা গেছেন ১৫ জন।