রাজশাহী-ঢাকা পথে বাস ধর্মঘট প্রত্যাহার
রাজশাহী-ঢাকা পথে বাস ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন। নাটোরে রাজশাহীর বাসে ‘চাঁদাবাজি’ না করার আশ্বাস দেওয়ার পর গতকাল বুধবার বিকেলে এ ঘোষণা দেওয়া হয়।
গত মঙ্গলবার সকাল থেকে রাজশাহী-ঢাকা পথে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু করে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন। গতকাল সকাল থেকে ট্রাক চলাচলও বন্ধ করে দেওয়া হয়। শ্রমিকদের অভিযোগ, নাটোর সদর আসনের সাংসদ শফিকুল ইসলাম ও তাঁর লোকজন এই জেলায় রাজশাহীর বাসে চাঁদাবাজি করেন। তা ছাড়া রাজশাহীর কোনো বাস দুপুর ১২টার আগে নাটোরে ঢুকতে দেওয়া হয় না।
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহাতাব হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, রাজশাহীর গাড়ি থেকে চাঁদা তোলা হবে না এবং কোনো গাড়ি আর নাটোরে আটকে রাখা হবে না বলে নাটোর জেলা প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল বিকেল পাঁচটা থেকে তাঁরা ধর্মঘট তুলে নিয়েছেন।
নাটোর জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, দুই দিনের বাস ধর্মঘটের পরিপ্রেক্ষিতে গতকাল সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নাটোরের বাসমালিক ও শ্রমিকনেতাদের নিয়ে সভা হয়। এতে অতিরিক্ত জেলা হাকিম মো. সাইফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, নাটোর বাস মালিক সমিতির সভাপতি লক্ষ্মণ কুমার পোদ্দার, সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদ শফিকুল ইসলামের ভাই সাজেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান ও গোয়েন্দা সংস্থার কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভা চলে দুপুর ১২টা পর্যন্ত। মালিক সমিতির নেতা মুজিবুর রহমান সভায় বলেন, নাটোরে আগেও চাঁদাবাজি হয়নি, এখনো হয় না। তবে ছাদে ও দাঁড়ানো যাত্রী নিয়ে কোনো গাড়িকে নাটোরের ওপর দিয়ে যেতে দেওয়া হয় না।
সভায় নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন খান বলেন, যাত্রী-দুর্ভোগ রোধে মহাসড়কে যেকোনো মূল্যে চাঁদাবাজি বন্ধ করা হবে। এরপর বাসমালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা নাটোরে চাঁদাবাজির জন্য কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করার প্রতিশ্রুতি দেন।
ধর্মঘট প্রত্যাহার হলেও নাটোর-রাজশাহী পথে গতকাল বিকেল থেকে বাস চলেছে সীমিত আকারে। নাটোর বাস টার্মিনালের মাস্টার সাজু প্রামাণিক বলেন, সন্ধ্যা ছয়টা পর্যন্ত মাত্র দুটি বাস রাজশাহী থেকে নাটোরে এসেছে এবং দুটি বাস রাজশাহীর উদ্দেশে ছেড়ে গেছে।
এদিকে সকালের বৈঠকে সমঝোতা হলেও নাটোর বাস মালিক সমিতি আবার বেঁকে বসেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নাটোরের অতিরিক্ত জেলা হাকিম মো. সাইফুল আলম গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, সভায় বাস চলাচলে মালিকদের কোনো আপত্তি ছিল না। কিন্তু বিকেল পাঁচটার পর নাটোর বাস মালিক সমিতির সভাপতি লক্ষ্মণ কুমার পোদ্দার তাঁকে ফোন করেন। এ সময় তিনি বলেন, সকালের বৈঠকের সিদ্ধান্ত তাঁরা মানতে মারছেন না। নাটোরের ওপর দিয়ে তাঁরা রাজশাহীর বাস চলতে দেবেন না।
তবে লক্ষ্মণ কুমার পোদ্দার দাবি করেন, তিনি বাস বন্ধ করে দেওয়ার কথা বলেননি। রাজশাহী মালিক সমিতি তাঁর ছয়টি গাড়ি আটকে রেখেছে, সে বিষয়ে ব্যবস্থা নিতে বলেছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে লক্ষ্মণ কুমার পোদ্দারের মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও সেটি বন্ধ পাওয়া যায়।