রাজশাহী থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
নাচ, গান, কবিতা, কৌতুক আর শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে রাজশাহী থিয়েটার তাদের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী নগরের আলুপট্টি বঙ্গবন্ধু চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন ভাষাসৈনিক আবুল হোসেন, রাজশাহী থিয়েটারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, রাজশাহী সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, চলচ্চিত্র নির্মাতা আহসান কবির লিটন, ঋত্বিক ঘটক চলচ্চিত্র সংসদের সভাপতি এফ এম এ জাহিদ, দৈনিক সোনার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান, রাজশাহী জেলা মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, জয় বাংলা সাংস্কৃতিক জোটের সভাপতি নিজামুল হুদা, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল মজিদ অন্তর প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী থিয়েটারের সভাপতি কামারউল্লাহ সরকার।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ অন্য অতিথিরা মিলে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।