রাজশাহী থেকে সারা দেশে বাস চলাচল বন্ধ, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে সিএনজিচালিত অটোরিকশা ও মিশুকচালকদের সঙ্গে বাসশ্রমিকদের দ্বন্দ্বের জের ধরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে গত রোববার বিকেল থেকে সারা দেশে বাস যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল সোমবারও রাজশাহী থেকে কোনো রুটে বাস ছেড়ে যায়নি। এতে অগণিত যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।গতকাল সকালে রাজশাহীর শিরোইল এলাকায় বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, সব কাউন্টার বন্ধ এবং কাউন্টারের সামনে যাত্রীদের ভিড়।বাসমালিকদের দাবি, মিশুক, অটোরিকশা, হিউম্যান হলার শুধু শহর এলাকায় চলবে। কিন্তু ওই সব যানবাহনের মালিকেরা তা মানতে নারাজ। এই নিয়ে গত শনিবার রাজশাহী মোটর শ্রমিক ও মিশুক-অটোরিকশার শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর জের ধরে ওই দিন চারটি অটোরিকশা, একটি হিউম্যান হলার ও একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় ১০ জন বাসশ্রমিক আহত হন। শনিবার দুপুরের পর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ থাকার পর রোববার সকাল থেকে আবার বাস চলাচল স্বাভাবিক হয়। কিন্তু দুপুর থেকে আবার হামলা শুরু হয়। বিকেল পর্যন্ত অন্তত ১৪টি বাস ভাঙচুর করা হয় এবং সাতজন বাসশ্রমিকদের পিটিয়ে আহত করা হয়। এ ঘটনার প্রতিবাদে রোববার বিকেল থেকে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ ও মোটর শ্রমিক ইউনিয়ন সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেয়।