রাজশাহী নগরে আরও ৩১ জনের করোনা শনাক্ত

রাজশাহীতে চিকিৎসক-নার্স, পুলিশসহ আরও ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ এবং হাসপাতালের দুটি ল্যাবে পরীক্ষায় তাঁদের করোনা প্রতিবেদন পজিটিভ আসে। আজ বৃহস্পতিবার রাজশাহী জেলা সিভিল সার্জন মোহা. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেন।
মোহা. এনামুল হক জানান, গতকাল রাজশাহীর দুটি ল্যাবে রাজশাহী নগরের ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ২ জন এবং মেডিকেলের হাসপাতালের ল্যাবে ২৯ জনের করোনা শনাক্ত হয়। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত ব্যক্তিদের মধ্যে চিকিৎসক, নার্স ও পুলিশ সদস্য রয়েছেন।
ল্যাব সূত্রে জানা গেছে, এদিন রাজশাহী জেলার কোনো নমুনা পরীক্ষা করা হয়নি। তাই শনাক্তও হয়নি।
সিভিল সার্জন দপ্তরের দেওয়া হিসাব অনুযায়ী, নতুন ৩১ জন শনাক্ত হওয়ায় রাজশাহী জেলায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৬১। এর মধ্যে রাজশাহী নগরের রোগীর সংখ্যা হলো ২৩০। গতকাল পর্যন্ত মারা গেছেন সাতজন। সুস্থ হয়েছেন ৬৮ জন।