রাজশাহী নগরে পুকুর ভরাট চলছেই, ব্যবস্থা শুধু নোটিশ

পরিবেশ আইনে জলাধার ভরাটে নিষেধাজ্ঞা থাকলেও রাজশাহী নগরে পুকুর ভরাট চলছেই। বিষয়টি দেখভালের দুই কর্তৃপক্ষ পরিবেশ অধিদপ্তর ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) ভরাট ঠেকানোর ব্যবস্থা এখনো নোটিশেই সীমাবদ্ধ। পরবর্তী কঠোর কোনো ব্যবস্থা না থাকায় নোটিশ পাওয়ার পরও ভরাটকাজ বন্ধ থাকছে না।
পরিবেশ আইন অনুযায়ী রাজশাহী নগরে জলাধার ভরাট করা যাবে না। আবার আরডিএর মাস্টারপ্ল্যানের আওতাধীন রাজশাহী সিটি করপোরেশনের আওতাভুক্ত জলাধারগুলোর শ্রেণী পরিবর্তন করা যাবে না। এ ব্যাপারে আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে। কিন্তু তার পরও যথার্থ নজরদারি ও কঠোর ব্যবস্থা না থাকায় দিনে ও রাতের অন্ধকারে পুকুর-ডোবা ভরাট চলছে। পরিবেশবাদী সংগঠন হেরিটেজ রাজশাহীর প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব সিদ্দিকী জানান, গত ৫০ বছরে নগরে প্রায় চার হাজার পুকুর-ডোবা ভরাট হয়েছে। এখন এক বিঘা বা তার বেশি আয়তনের পুকুর টিকে আছে ১৬৫টি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় এক বছর আগে নগরের সাগরপাড়ায় একটি পুকুর ভরাটের বিষয়ে পত্রপত্রিকায় খবর ছাপা হলে আরডিএ ও পরিবেশ অধিদপ্তর পুকুরের মালিক মঞ্জুর ফারুক চৌধুরীকে ভরাট বন্ধ রাখতে একাধিকবার নোটিশ দেয়। এরপর কিছুদিন ভরাটকাজ বন্ধও ছিল। কিন্তু পরে আবার ভরাটকাজ শুরু হয় এবং প্রায় এক সপ্তাহ আগে সেটি সম্পূর্ণ ভরাট হয়ে গেছে। ৭ এপ্রিল ভরাট হওয়া পুকুরের সড়কের দিকের অংশে টিনের বেড়া দেওয়া হয়।
২০১২ সালের শুরুতে রাজশাহী-৪ (বাগমারা) আসনের আওয়ামী লীগের সাংসদ এনামুল হক নগরের মেহেরচণ্ডীতে একটি পুকুর ভরাট শুরু করেছিলেন। স্থানীয়ভাবে পুকুরটিকে বলা হয় শুকান দিঘি। পুকুরটির পাশে ছিল ‘প্রস্তাবিত সালেহা-ইমারত হাসপাতাল ও কলেজ, তত্ত্বাবধানে ইঞ্জিনিয়ার এনামুল হক, সংসদ সদস্য, ৫৫ রাজশাহী, বাগমারা’ লেখা একটি সাইনবোর্ড। পাশে আরেকটি সাইনবোর্ডে লেখা ছিল—এই জমির মালিক ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। আরডিএ ওই পুকুরের ভরাট করা অংশ পুনঃখননের নোটিশ দিলেও এখনো তা করা হয়নি। তবে এ জন্য আরডিএও কোনো পদক্ষেপ নেয়নি।

প্রায় দুই মাস আগে সাগরপাড়া মসজিদের পাশের একটি পুকুর ভরাট হয়েছে। গত ফেব্রুয়ারিতে গৌরহাঙ্গা গোরস্থানের ভেতরের একটি পুকুর ভরাট শুরু হয়। পরিবেশ অধিদপ্তরের নোটিশের পর ভরাট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
এদিকে নওদাপাড়া আমচত্বর থেকে বাস টার্মিনালে যেতে সড়কের (বাইপাস সড়ক) পাশে ভাই ভাই রেস্টুরেন্ট ও জিএম ফিলিং স্টেশনের মধ্যবর্তী স্থানে একটি পুকুর ভরাট শুরু হয়েছে। পরিবেশ অধিদপ্তরের সূত্র জানায়, সরেজমিনে পরিদর্শনে তারা অভিযোগের সত্যতা পেয়ে গত ৩১ মার্চ শিরোইলের ছাইদুর রহমান ও আজিজুল হক, টিকাপাড়ার এস এম এখলাস আহাম্মেদ ও আমান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে এ বিষয়ে নোটিশ দেয়। নোটিশে পুকুর ভরাট দণ্ডনীয় অপরাধ বলে উল্লেখ করা হয় এবং ৭ এপ্রিলের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়।
৫ এপ্রিল সেখানে গেলে স্থানীয় লোকজন জানান, নোটিশ দেওয়ার পরও রাতে মাটি ফেলা হয়েছে। পুকুরের পাড়ে ফেলা নতুন মাটিতে মাটি বহনকারী যানের চাকার দাগও দেখা যায়।
পরিবেশ অধিদপ্তরের সূত্র জানায়, ৭ এপ্রিল ওই ব্যক্তিরা নোটিশের জবাব দিয়েছেন। জবাবে ছাইদুর রহমান ও আজিজুল হক পুকুর ভরাটের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে বলেছেন, আরএস রেকর্ড অনুযায়ী ওটা পুকুর নয়। সুতরাং ভরাট করার প্রশ্নই ওঠে না। আরডিএর মাস্টারপ্ল্যানের মধ্যেও এটি নেই। আমান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে দেওয়া জবাবেও ভরাটের বিষয়টি অস্বীকার করে ওই স্থানকে আংশিক ভিটা ও আংশিক মাঠিয়াল (ডোবার মতো) দাবি করা হয়।
পরিবেশ অধিদপ্তরের রাজশাহী কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক মিজানুর রহমান এ বিষয়ে প্রথম আলোকে বলেন, তাঁরা পরিদর্শনে গিয়ে সেটিকে পুকুর হিসেবে পেয়ে নোটিশ দিয়েছেন। ওই নোটিশের জবাব সন্তোষজনক নয়। চলতি মাসের মধ্যে পুকুরটি পুনঃখনন করে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে চিঠি দেওয়া হবে। তা না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, অভিযান চালানোর মতো লোকবল তাঁদের নেই। এ জন্য খবর পেলে তাঁরা নোটিশ দেন। তবে এবার তাঁরা পুকুর ভরাটকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেবেন।
আরডিএর ভারপ্রাপ্ত নগর পরিকল্পক আজমেরী আশরাফী বলেন, অভিযোগ পেলেও লোকবলের অভাবে তাঁরা অভিযান চালাতে পারেন না। তিনি বলেন, এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর ব্যবস্থা নেবে, নাকি আরডিএ নেবে—এ নিয়ে অস্পষ্টতাও রয়েছে।