রাজশাহী নগরে সরকারি সম্পত্তি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের শিরোইল মহল্লায় পরিত্যক্ত সম্পত্তি হিসেবে সরকারি নথিভুক্ত একটি বাড়ি দখলের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী রাজশাহী বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ড প্রচলিত নিয়মে তাদের বাড়িটি বরাদ্দ দেয়। কিন্তু দখল নিতে গিয়ে তারা দেখে, বাড়িটি আগেই দখল হয়ে গেছে। এ ব্যাপারে বাড়ির মালিকানার দাবিদার দুরুল হুদার দাবি, সরকার ভুলবশত সম্পত্তিটি পরিত্যক্ত হিসেবে তালিকাভুক্ত করেছে। তিনি এ ব্যাপারে সরকারের বিরুদ্ধে মামলা করেছেন।রাজশাহী শহরের আহম্মদপুর এলাকায় ভাড়া বাড়িতে দীর্ঘ ২৮ বছর ধরে বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, এর প্রধান শিক্ষক কল্পনা রায় ভৌমিক রাজশাহী জেলা পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ডে বাড়িটি বিদ্যালয়ের নামে বরাদ্দের জন্য আবেদন করেন। বোর্ড গত বছর মে মাসে প্রচলিত নিয়মে একতলা এ বাড়িটি বিদ্যালয়কে বরাদ্দ দেয়। দ্রুত বাড়িটির দখল বুঝিয়ে দেওয়ার জন্য পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ডের সদস্যসচিব তথা গণপূর্ত অধিদপ্তর-১-এর নির্বাহী প্রকৌশলীকে চিঠি দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় তারা জানতে পারে, বাড়িটি আগে থেকেই দখল হয়ে গেছে। এ ব্যাপারে গত ২৪ এপ্রিল প্রধান শিক্ষক কল্পনা রায় এক সংবাদ সম্মেলনে বাড়ির দখলসংক্রান্ত এই সমস্যার কথা তুলে ধরেন। গত বুধবার দুপুরে শিরোইল মহল্লার ওই বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির সামনের নতুন ইট দিয়ে প্রাচীর তৈরি করা হয়েছে।এ ব্যাপারে বাড়ির বাসিন্দা ও এর মালিকানার দাবিদার দুরুল হুদা বলেন, ২৫ বছর ধরে তিনি এই বাড়িতে বাস করছেন। তাঁর দাবি, এই সম্পত্তির মূল মালিক আনোয়ারী বেগম, যিনি পরে ভারতে স্থায়ীভাবে চলে যান। তিনি এই সম্পত্তির তত্ত্বাবধায়ক হিসেবে দেখাশোনা করছিলেন। আবদুল জব্বার নামে স্থানীয় এক ব্যক্তি আমমোক্তার করেছিলেন আনোয়ারী বেগম। অধ্যাপক জব্বারের কাছ থেকে তাঁর (দুরুল হুদার) ভাই এই বাড়ির মালিকানা দানস্বত্ব হিসেবে দলিল করে নেন। ভাইয়ের কাছ থেকে মালিকানা তিনি নিয়েছেন।দুরুল হুদা দাবি করেন, সরকার ভুল করে এই সম্পত্তিকে পরিত্যক্ত হিসেবে চিহ্নিত করেছে। এ জন্য ষড়যন্ত্রমূলকভাবে ভূমি অফিস থেকে সম্পত্তির খতিয়ানের তথ্য সরিয়ে ফেলা হয়েছে। এ জন্য তিনি মামলা করবেন। তিনি জানান, বাড়িটি বরাদ্দ দেওয়ার খবর পাওয়ার পরপরই গত জানুয়ারি মাসে তিনি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। দুরুল হুদা আরও জানান, এই বাড়িসংলগ্ন দুই কাঠা জমির মালিক রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক রমজান আলী। দুরুল বলেন, ‘বিভিন্ন দিক থেকে ঝামেলা হচ্ছিল তাই রমজানের কাছে দুই কাঠা জমি বিক্রি করেছি।’এই সম্পত্তির ব্যাপারে রাজশাহী গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী তানজিলা শারমীন বলেন, শিরোইল মহল্লার ওই বাড়িটি ১৯৮৬ সালের ২৩ সেপ্টেম্বর পরিত্যক্ত সম্পত্তি হিসেবে গেজেটভুক্ত হয়। গেজেট নম্বর ১৭৩। ১৯৮৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িটি সিভিল ডিফেন্সের কার্যালয় হিসেবে বরাদ্দ দেওয়া ছিল। এরপর এটি কার্যালয় হিসেবে চালানোর অনুপযুক্ত হয়ে পড়ে। ১৯৮৭ সালের ৩ মার্চ বাড়িটি আবদুস সালামকে মাসিক চুক্তিতে ভাড়া দেওয়া হয়। এরপর তাঁর তিন লাখ ৪৫ হাজার ৯৪৬ টাকা ভাড়া বাকি পড়ে। ২০০৭ সালের ফেব্রুয়ারি মাসে সালামকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। ২০০৯ সালের ২৭ জানুয়ারি বাড়িটি বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়কে বরাদ্দ দেওয়া হয়।প্রকৌশলী তানজিলা শারমীন বলেন, গেজেটভুক্ত হওয়ার সময় কোনো পক্ষ সম্পত্তির মালিকানার দাবি করেনি। দুরুল হুদা আবদুস সালামকে ভাড়া দিয়ে সেখানে থাকতেন। সম্প্রতি বোর্ড থেকে বিদ্যালয়কে বাড়িটি বরাদ্দ দেওয়ার খবর পেয়ে বাড়ির মালিকানা দাবি করছেন দুরুল হুদা। এ ব্যাপারে তিনি মামলা করায় এখন কিছুটা জটিলতা দেখা দিয়েছে। তবে তাঁর কাগজপত্র স্বচ্ছ মনে হয়নি। আগামী মাসে পরিত্যক্ত ভূমি ব্যবস্থাপনা বোর্ডের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।