রাজশাহী নগরে স্কুলছাত্র খুন সিরাজগঞ্জে দুটি লাশ উদ্ধার
রাজশাহী নগরের ছোট বনগ্রাম এলাকায় গত বৃহস্পতিবার বিকেলে শামীম হোসেন নামের এক স্কুলছাত্রকে ক্ষুর দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। সে নগরের ইউসেপ ছোট বনগ্রাম স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। তার বাবার নাম টুলু। এদিকে সিরাজগঞ্জের সলঙ্গা ও কাজিপুর উপজেলায় পৃথক স্থান থেকে একই দিন পুলিশ দুটি লাশ উদ্ধার করেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ফুটবল খেলা নিয়ে দুই পাড়ার ছেলেদের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল। এরই জের ধরে বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে খেলার সময় তাদের মধ্যে আবার মারামারি হয়। একপর্যায়ে সমবয়সী ছেলেরা ক্ষুর নিয়ে এসে শামীমের গলা, পেট ও পিঠে আঘাত করে। উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন বলেন, দুই দল ছেলের মধ্যে খেলা নিয়ে দ্বন্দ্বের কারণেই এ ঘটনা ঘটেছে। সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন জানান, বৃহস্পতিবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হরিণচড়া এলাকা থেকে অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। কাজিপুর থানার ওসি মতিয়ার রহমান জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দুর্গম চরাঞ্চল চরগিরিশ গ্রামের একটি পাটখেত থেকে মাজম আলী (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে বাদী হয়ে একটি মামলা করেছেন।