রাজশাহী নগরে ১৫০০ পরিবার পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বন্যার পানি বাঁধ দিয়ে ঠেকালছি, কিন্তু বৃষ্টির পানিই যে ঠেকাইতে পারছি না।’ অসহায়ের মতো কথাগুলো বলছিলেন রাজশাহী মহানগরের হড়গ্রাম বাজারের আদায়কারী মোহাম্মদ বাবলু। তাঁর বাড়ি সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের জিয়ানগর মহল্লায়। এক মাসেরও বেশি সময় ধরে এই এলাকার প্রায় এক হাজার ঘরবাড়ি পানিবন্দী।কারও বাড়িতে হাঁটুপানি, আবার কারও বাড়িতে গলা পর্যন্ত পানি উঠেছে। ঘরবাড়ি ছেড়ে তারা বাঁধের ওপর আশ্রয় নিয়েছে। একই অবস্থায় রয়েছে নগরের ১ নম্বর ওয়ার্ডের গুড়িপাড়া মহল্লার পূর্বপাড়া এলাকা। দুই ওয়ার্ডের প্রায় দেড় হাজার পরিবার এখন পানিবন্দী।মোহাম্মদ বাবলু বলেন, ‘আমরা সিটি করপোরেশনের নাগরিক। কিন্তু সুযোগ-সুবিধা কিছুই নেই। মহল্লায় বন্যার পানি ঢুকতে যাচ্ছিল, আমরা বাঁধ দিয়ে ঠেকিয়েছি। কিন্তু বৃষ্টি দৈনিক হচ্ছেই। পানি বাড়ছেই। ঈদের আনন্দ এবার পানিতেই ডুবে গেল। আমার ঘরের চৌকির পাটাতন শুধু জাইগা আছে। সারা দিন এই বাঁধে থাকি। আর পানি ভাইঙ্গে গিয়ে ছেলেমেয়ে নিয়ে চৌকিডার পুর শুইয়ে থাকি।’গত বৃহস্পতিবার বিকেলে জিয়ানগরে গিয়ে দেখা গেছে, সেখানকার সব বাড়িই জলমগ্ন। কোনো বাড়ির অর্ধেক পর্যন্ত, আবার কোনো বাড়ির একেবারে চালা পর্যন্ত পানিতে ডুবে আছে। অনেকেই বাড়ির জিনিসপত্র ঘরের চালার ওপরে তুলে রেখেছেন। একটি বাড়ির চালার ওপর একটি টেলিভিশনও দেখা গেছে। তারা সবাই নগরের গুড়িপাড়া আই-বাঁধে আশ্রয় নিয়েছে। গৃহবধূ শিল্পী খাতুন (২৫) জানান, তিনি নগরের ঠাকুরমারা কলোনিতে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। আট দিন পরে ফিরে এসে দেখেন, শুধু ঘরের চাল ডুবতে বাকি আছে। তিনি বলেন, ‘মানুষের কাছে চাইয়ে-চিন্তে খেয়ে বেঁচে আছি। সরকারি কোনো সাহায্য পাইনি।’জয়নাল আবেদীনের স্ত্রী রজাবা খাতুন (৪০) পলিথিনের ছাউনি টাঙানোর জন্য খুঁটি পুঁতছিলেন। তিনি বলেন, পানি কমবে—এই আশায় অসুস্থ স্বামী আর দুই সন্তানকে নিয়ে এত দিন মানুষের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু পানি কমার কোনো ভাব না দেখে ছাউনি করছেন।সিটি করপোরেশনের সংরক্ষিত কাউন্সিলর রাজিয়া সুলতানা বলেন, দুটি ওয়ার্ডের প্রায় দেড় হাজার পরিবার পানিবন্দী হয়ে আছে। তিনি এদের একটা তালিকা তৈরি করে জেলা প্রশাসকের কাছে দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া পাননি।সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, ওই এলাকা থেকে পানি সেচে বাইরে বের করা সম্ভব নয়। আর ত্রাণের জন্য সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলররা হয়তো চেষ্টা করছেন।