রাজশাহী নগরের তিনটি থানার বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালিয়ে পুলিশ মঙ্গলবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারীসহ ২১ শিবিরকর্মীকে আটক করেছে। তাঁদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাস পোড়ানোর ঘটনার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয় এলাকার একটি ছাত্রাবাস থেকে পাঁচজন এবং বোয়ালিয়া ও রাজপাড়া থানা এলাকা থেকে ১৬ জনকে আটক করা হয়। মতিহার থানায় আটক ব্যক্তিরা হলেন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেলোয়ার হোসেন, মেহেরুন হাসান, ভর্তি পরীক্ষার্থী নাজমুস সাদাত, আবদুল আজিজ ও বিশ্ববিদ্যালয় হিসাব শাখার কর্মকর্তা আবদুল মান্নান মোল্লা। আর বোয়ালিয়া ও রাজপাড়া থানা থেকে আটক ব্যক্তিরা হলেন: আতিক মাহবুব, সোহেল রানা, মনিরুল ইসলাম, সাইফুল ইসলাম, জাকারিয়া আলী, সাদিউল ইসলাম, সানোয়ার হোসেন, লুৎফর রহমান, বদর উদ্দিন, রাসেল হোসেন, রিয়াল উদ্দিন, আল আমিন ও আসাদুজ্জামান। আটক অপর তিনজনের নাম জানা যায়নি।মতিহার থানার উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা বলেন, আটক ২১ জনকে দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ের বাস পোড়ানো এবং অপরটি কিছুদিন আগে মতিহার থানার কাটাখালী এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায়। সবাইকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের বাস ডিপোর একটি বাসে আগুন লাগে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বারি বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মতিহার থানায় মামলা করেন।