রাজশাহী নগরের উন্নয়ন হবে মহাপরিকল্পনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগর উন্নয়নে মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) করা হবে। এই পরিকল্পনা অনুযায়ী শহরটি চলবে। কেউ এই পরিকল্পনা পরিপন্থী কাজ করলে জেল-জরিমানা ভোগ করতে হবে।

এমন বিধান যুক্ত করে ‘রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৭’-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, প্রস্তাবিত আইনে মহাপরিকল্পনার পরিপন্থী ভূমি ব্যবহার করলে এক বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে।

আগে জলাধার আইনের বিষয়টি এতে ছিল না। প্রস্তাবিত আইনে তা আনা হয়েছে। জলাধার খনন বা ভরাট করলে এবং পাহাড় বা টিলা কাটলে মালিককে ওই কর্তৃপক্ষ বন্ধের নির্দেশ দিতে পারবে। আদেশ না মানলে অনধিক এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা যাবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এত দিন ‘রাজশাহী টাউন ডেভেলপমেন্ট অথরিটি অর্ডিন্যান্স, ১৯৭৬’ অনুযায়ী রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ চলে আসছে। কিন্তু আদালতের নির্দেশনা অনুযায়ী, সামরিক শাসনামলে জারি করা অধ্যাদেশ আইন করার বাধ্যবাধকতা রয়েছে।

বৈঠকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আইন, ২০১৭-এর খসড়ারও অনুমোদন দেওয়া হয়। এতে ছোটখাটো কিছু পরিবর্তন আনা হয়েছে। এ ছাড়া আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর বিধানাবলি আয়কর আইন, ২০১৭ হিসেবে পাস করার জন্য মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দিয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা মূলত ১৯৮৪ সালের পর থেকে যতগুলো সংশোধন করা হয়েছে, সেটা সমন্বিত করে করা হয়েছে। নতুন কোনো পরিবর্তন নেই।