রাজশাহী নগরের সহস্রাধিক পরিবার পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলাবদ্ধতার কারণে রাজশাহী সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের জিয়ানগর মহল্লার শতাধিক পরিবার এক বছরেও বাড়ি ফিরতে পারেনি। বর্তমানে সহস্রাধিক পরিবার পানিবন্দী রয়েছে।রিকশাচালক লাবলু বাঁধের পাশে নতুন ঘর তৈরি করছেন। তাঁর স্ত্রী রেখা বেগম (২৫) বলেন, শুধু বর্ষার পানি হলে এত কষ্ট হতো না। একটি নালার পানির জন্য সারা বছর এই মহল্লা থেকে পানি সরছে না। এত মানুষ এসে লিখে নিয়ে যাচ্ছে, কেউ নালাটি নদীর দিক করে দিতে পারছে না। গত বছর পাঁচ মাস পরে বাড়ি থেকে পানি নেমে যায়। এবার আবার পানি উঠেছে। ওই বাড়ি আর ভাঙতে পারছি না। তাই বাঁধের ধারে নতুন করে বর্ষা পার করার জন্য একটি ঘর করছি। মহল্লার বাসিন্দারা জানায়, ১০-১১ বছর আগে রাজশাহী সিটি করপোরেশনের তৎকালীন মেয়র এ মহল্লায় ছিন্নমূল মানুষকে জায়গা করে দিয়েছিলেন এবং মহল্লার নামকরণ করেছিলেন জিয়ানগর। এ মহল্লাবাসীর ভোটে মেয়র ও কাউন্সিলররা নির্বাচিত হচ্ছেন, কিন্তু এখানে নাগরিক সুবিধা বলতে কিছুই নেই। গত বছরের বৃষ্টির পানি এখনো সরেনি। তার সঙ্গে অনবরত যোগ হচ্ছে নগরের কোর্ট এলাকার একটি নালার পানি। গত বর্ষায় জলাবদ্ধতার কারণে শতাধিক পরিবার নিজের বাড়িঘর ফেলে নগরের বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছে। তারা সারা বছর বাড়ি ফিরতে পারেনি। বর্তমানে এ মহল্লার হাজার খানেক পরিবার এ দুর্ভোগের মধ্যে রয়েছে। গতকাল শুক্রবার সকালে জিয়ানগরে গিয়ে দেখা যায়, সেখানকার সব বাড়িই জলমগ্ন হয়ে আছে। কোনো কোনো বাড়ির ঘর অর্ধেক পর্যন্ত পানিতে ডুবে আছে। অনেকে নগরের গুড়িপাড়া আই বাঁধের ধারে বাড়িঘর সরিয়ে নিচ্ছে। তাদের কেউ টিনের চালা আবার কেউ পলিথিনের ছাউনি করেছে।রিকশাচালক জিনদার আলীর স্ত্রী চম্পা বেগম বলেন, ‘গত বছর বেড়হা পর্যন্ত পানি উইঠেছিল। এবারও তাই হয়্যাছে। দু-তিন দিন আগে বাড়ি ভাঙ্গ্যা লি আইস্যাছি।’ রাজশাহী সিটি করপোরেশনের এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাজ্জাদ হোসেন বলেন, ওই জায়গার উন্নয়ন করতে হলে প্রায় ১০ কোটি টাকার একটি প্রকল্প করতে হবে। সেটা আপাতত সম্ভব হচ্ছে না। তরে একটি নালা নির্মাণের প্রস্তাব করা হয়েছে। আগামী অর্থবছরে নালাটি হলে আর এ দুর্ভোগ থাকবে না।