রাজশাহী-নাটোর সীমান্তে সন্ত্রাস বন্ধে পুলিশের মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী-নাটোর সীমান্তে সন্ত্রাস বন্ধে গতকাল বুধবার পুলিশের উদ্যোগে এলাকাবাসীর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর বাঘা এবং নাটোরের লালপুর ও বাগাতিপাড়া থানার সীমান্তবর্তী এলাকা দিঘা হাইস্কুল ও কলেজ মাঠে এই সভার আয়োজন করা হয়।
‘সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাস দমন ও মতবিনিময়’ শিরোনামে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের সভাপতি শফিকুর রহমান। উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল আলম, বাঘা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান প্রমুখ। অপরদিকে অনুষ্ঠানে কলেজশিক্ষক গোলাম তোফাজ্জল কবির, কলেজছাত্রী বৈশাখী সরকার, স্থানীয় বাসিন্দা মোসলেম উদ্দিন, নূরুজ্জামান প্রমুখ বক্তব্য দেন। তাঁরা বলেন, এই এলাকায় সন্ত্রাসী ধরতে হলে পুলিশের একটি হটলাইন চালু করতে হবে। আর সেই নম্বর জনসাধারণকে দিতে হবে। টহল বাড়াতে হবে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল আলম নিজের মুঠোফোন নম্বর বিভিন্ন স্থানে টানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, এরপর এ ধরনের ঘটনা ঘটলে এলাকায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হবে। গত বৃহস্পতিবার নাটোরের লালপুরে এক শিক্ষককে গুলি করে হত্যার পর মোটরসাইকেল ছিনতাই করা হয়। গত ২ জানুয়ারি ও ১৯ ডিসেম্বর একইভাবে দুই জেলার সীমান্তবর্তী এলাকায় মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটে।