সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে রাজশাহী নার্সিং কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা গতকাল সোমবার কলেজের অধ্যক্ষকে আট ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে।এ ঘটনার জের ধরে কর্তৃপক্ষ কলেজ বন্ধ ঘোষণা করে গতকাল বিকেলের মধ্যে ছাত্রীনিবাস ত্যাগের নির্দেশ দেয়। শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশের লাঠিপেটায় ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।শিক্ষর্থীরা জানান, নিয়ম অনুযায়ী কোনো শিক্ষার্থী কোনো বছর অকৃতকার্য হলে তিনি পরপর তিনবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। কিন্তু ২০১০ সালে সর্বপ্রথম মৌখিকভাবে কলেজ কর্তৃপক্ষ ‘ইয়ার লস’ অধ্যাদেশ জারি করে। এতে বলা হয়, কোনো শিক্ষার্থী দুটির অধিক বিষয়ে অকৃতকার্য হলে, তাঁকে আবার সেই বর্ষেই পড়তে হবে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা গত ২৮ নভেম্বর থেকে আন্দোলন করছেন। আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে গতকাল তাঁরা কলেজের সব কক্ষে তালা দিয়ে অবস্থান ধর্মঘট শুরু করেন। এতে কলেজের অধ্যক্ষ সাদেকা খাতুন অবরুদ্ধ হয়ে পড়েন। বিকেল পাঁচটায় পুলিশ এসে অধ্যক্ষকে উদ্ধার করেন। এ ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজে ভাঙচুর শুরু করেন। এ সময় পুলিশ বেধড়ক লাঠিপেটা করে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন। এতে কমপক্ষে ২০ জন শিক্ষার্থী আহত হন।আহতদের মধ্যে রুহুল কুদ্দুস, সাখাওয়াত, আসিক ইকবাল, আবু তালেব, সুস্মিতা পালিত, পাইলট হোসেন, মর্তুজা রেজা, রাজ্জাক, উম্মে হালিমা ও জুলেখাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।লাঠিপেটার অভিযোগ অস্বীকার করে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন বলেন, অধ্যক্ষকে তালা ভেঙে উদ্ধার করা হয়। পরে শিক্ষার্থীরা ভাঙচুর করতে গিয়ে নিজেরাই আহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় কলেজের অধ্যক্ষ সাদেকা খাতুন বলেন, কলেজের ছাত্রীনিবাস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।