রাজশাহী নার্সিং কলেজে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু
বৃত্তি-ভাতা বৃদ্ধি, শিক্ষক ও শ্রেণীকক্ষ-সংকট নিরসনসহ ১০ দফা দাবিতে রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থীরা গত রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে নেমেছেন।শিক্ষার্থীরা জানান, কলেজে বিএসসি ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে বর্তমানে ৩৫০ জন শিক্ষার্থী আছেন। তাঁরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছয় ঘণ্টা করে পালাক্রমে দায়িত্ব পালন করেন। এ জন্য সরকারিভাবে তাঁরা মাসিক বৃত্তি-ভাতা পান। তাঁরা জানান, ১৯ বছর আগে ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীদের জন্য এই ভাতার পরিমাণ ছিল মাসে সাড়ে ৮০০ টাকা; এখনো তা-ই আছে। বর্তমান দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁরা এই ভাতার পরিমাণ তিন হাজার টাকা করার দাবি জানান।শিক্ষার্থীরা বলেন, কলেজে প্রতি ৪০-৪৫ জন শিক্ষার্থীর জন্য একজন অধ্যাপক, দুজন সহযোগী অধ্যাপক, তিনজন সহকারী অধ্যাপক ও চারজন প্রভাষক থাকার কথা। কিন্তু গত চার বছরে কলেজে শিক্ষকদের পদ সৃষ্টি করা হয়নি। এখনো ডিপ্লোমা কোর্সের মতো ইনস্ট্রাক্টর দিয়ে পাঠদান চলছে। ইনস্ট্রাক্টরেরও সংকট রয়েছে।শিক্ষার্থীরা বলেন, কলেজে শ্রেণীকক্ষ-সংকট রয়েছে; গ্রন্থাগারিক নেই। ল্যাবরেটরি চালু করা হয়নি। কম্পিউটার থাকলেও এর অপারেটর নেই। কোনো ছাত্রাবাস নেই। উপরন্তু শিক্ষার্থীদের মাসিক বেতন নির্ধারণ করা হচ্ছে। বাধ্য হয়ে গত রোববার থেকে তাঁরা ধর্মঘটের ডাক দিয়েছেন।কলেজের অধ্যক্ষ সাদেকা খাতুন শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার কথা স্বীকার করে বলেন, ‘এটা সারা দেশের সমস্যা, আমি ছেলেমেয়েদের বলেছি সারা দেশ থেকেই এই দাবিটা তুলতে হবে। বৃত্তি-ভাতার ব্যাপারেও আমাদের কিছু করার নেই। বেতন নেওয়ার কথা ২০১১ সাল থেকে। সরকার থেকে এটা নিয়ম করছে। আগে ছিল না। আমাকে স্মারকলিপি দিয়েছে। আমি ব্যবস্থা নেওয়ার জন্য সেবা পরিদপ্তরের পরিচালকের কাছে পাঠিয়ে দিয়েছি।’