রাজশাহী নিউ ডিগ্রি কলেজে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজে গতকাল শনিবার দুপুরে ছাত্রমৈত্রীর নেতা-কর্মীরা ব্যাপক মহড়া দিয়েছেন। এ সময় তাঁরা কলেজের উপাধ্যক্ষের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা পৌনে একটার দিকে ছাত্রমৈত্রীর কলেজ শাখার সভাপতি কাওসার আলীর নেতৃত্বে আট-দশজন নেতা-কর্মী উপাধ্যক্ষ গোলাম হোসেন প্রামাণিকের কার্যালয়ের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেন। কাওসার আলী উপাধ্যক্ষকে প্রশ্ন করেন, ‘আপনি কেন আমার বিরুদ্ধে অধ্যক্ষের কাছে অভিযোগ দিয়েছেন? আমি এখন আপনাকে পেটাব।’ এর পরপরই কাওসার উপাধ্যক্ষের টেবিলের সামনে রাখা একটি চেয়ার তুলে তাঁকে মারতে উদ্যত হন। এরপর ছাত্রমৈত্রীর ক্যাডাররা উপাধ্যক্ষের সামনেই তাঁর কার্যালয়ের টেবিল, চেয়ার, দরজাসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করতে থাকেন। প্রায় ১০ মিনিট ধরে চলে এই তাণ্ডব। বেলা দুইটার দিকে আবারও ছাত্রমৈত্রীর ক্যাডাররা কলেজে যান এবং অধ্যক্ষ আবদুল ওয়াহেদ সরকারকেও শাসিয়ে আসেন। বেলা আড়াইটার দিকে কলেজ শিক্ষক পরিষদের জরুরি সভায় ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এবং থানায় একটি সাধারণ ডায়েরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। উপাধ্যক্ষ গোলাম হোসেন প্রামাণিক বলেন, ‘কোনো কারণ ছাড়াই একদল বহিরাগত আমার ওপর হামলার চেষ্টা করে এবং কার্যালয় ভাঙচুর করে।’ ছাত্রমৈত্রীর রাজশাহী মহানগর শাখার সভাপতি মতিউর রহমান জানান, এ হামলার সঙ্গে ছাত্রমৈত্রী জড়িত শুনে তিনি কলেজের উপাধ্যক্ষের কাছে গিয়েছিলেন। কিন্তু তাঁরা সে রকম প্রমাণ দিতে পারেননি। কলেজের অধ্যক্ষ আবদুল ওয়াহেদ সরকার বলেন, ‘কলেজের সম্মান শ্রেণীর ভর্তির আগেই এরা মহড়া দিয়ে থাকে। তারা এই মহড়া দিয়ে সবাইকে ভীতসন্ত্রস্ত করে প্রশাসনকে চাপে রাখতে চায়। যাতে ভর্তির সময় সুবিধা আদায় করতে পারে।’