রাজশাহী নিউমার্কেটের জায়গা দখল করে নির্মাণকাজ চলছেই
রাজশাহী নিউমার্কেটের জায়গা দখল করে প্রভাবশালী ব্যক্তিরা দোকানঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে দুই মাস আগে আবেদন করা হলেও কর্তৃপক্ষ এখনো এই নির্মাণকাজ বন্ধ করতে কোনো উদ্যোগ নেয়নি।স্থানীয় ব্যবসায়ীরা জানান, নিউমার্কেটের ভাই ভাই রেস্টুরেন্টের ওপর দোতলায় দোকানঘর নির্মাণ ঝুঁকিপূর্ণ হবে বলে ওই জায়গা বছরের পর বছর ফাঁকা রাখা হয়। কিন্তু এখন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) ও সিটি করপোরেশনের অনুমতি ছাড়াই ওই জায়গা দখল করে সেখানে দোকানঘর নির্মাণ চলছে। এতে একদিকে যেমন নিউমার্কেটের সৌন্দর্যহানি হবে, অন্যদিকে স্থানটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে এবং মসজিদের পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে ওই স্থানে দোকানঘর নির্মাণ বন্ধ করতে ব্যবসায়ীরা রাজশাহী সিটি করপোরেশনের মেয়র বরাবর গত ১৮ আগস্ট লিখিত আবেদন করেন। এ নিয়ে ২৪ আগস্ট প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়।গত সোমবার নিউমার্কেটের দোতলায় মসজিদের উত্তর পাশে গিয়ে দেখা গেছে, আগের তৈরি ঘরের ওপরে প্রকাশ্যে টিনের চাল দিচ্ছেন দখলদারেরা। স্থানীয় ব্যবসায়ীরা জানান, এই জায়গায় কথিত ব্যবসায়ীদের বসার জায়গা করা হচ্ছে। সেখানে যদি দোকানপাট তৈরি করে ব্যবসা করা হতো, তাহলে তাঁদের আপত্তি ছিল না। কিন্তু এখন যা করা হচ্ছে, তাতে মার্কেটের পরিবেশ নষ্ট হবে। নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন বলেন, সেখানে ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের ছেলে এবং আরও দুই ব্যক্তির বসার জায়গা করা হচ্ছে।রাজশাহী সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রবিউল আলম এ প্রসঙ্গে বলেন, সেখানে কোনো বসার জায়গা করা হবে না। গত বছর নিউমার্কেট কাঁচাবাজার উচ্ছেদের সময় যেসব ব্যবসায়ীকে পুনর্বাসন করা হয়নি, তাঁদের এখানে দোকানঘর নির্মাণের জন্য জায়গা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, উচ্ছেদ করা ব্যবসায়ীরাই সেখানে ঘর নির্মাণ করছেন। তাঁরা আগামী জুনের মধ্যে সেগুলো ভেঙে নিয়ে চলে যাবেন বলে আরডিএর অনুমোদন নেওয়া হয়নি। তিনি বলেন, ‘আমরা কাউকে রুটি-রুজি থেকে বঞ্চিত করতে চাইনি।’সিটি করপোরেশনের সচিব কে এম আবদুস সালাম গত আগস্টে প্রথম আলোকে বলেছিলেন, যাঁরা ঘর নির্মাণ করছেন, তাঁদের নোটিশ দেবেন। গত বুধবার তিনি দেশের বাইরে থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফুল হকের কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি সচিবেরই দেখার কথা।