রাজশাহী নিউমার্কেটের জায়গায় অবৈধ স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নিউ মার্কেটের জায়গা দখল করে স্থানীয় প্রভাশালী একটি চক্র দোকানঘর তৈরি করে ভাড়া দিচ্ছে। মার্কেটের ব্যবসায়ীদের পক্ষ থেকে অভিযোগ করা হলেও নির্মাণকাজ বন্ধ করছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) ও সিটি করপোরেশনের কর্মকর্তারা বলছেন, তাঁরা এ ব্যাপারে কিছুই জানেন না।স্থানীয় ব্যবসায়ীরা জানান, নিউ মার্কেট নির্মাণের সময় ভাই ভাই রেস্টুরেন্টের ওপর দোতলায় ঘর নির্মাণ ঝুঁকিপূর্ণ হবে বলে ওই জায়গা ফাঁকা রাখা হয়। বছরের পর বছর ফাঁকা থাকলেও জায়গাটি দখল করে সেখানে নতুন করে ভবন গড়ে তোলা হচ্ছে। এতে একদিকে মার্কেটের যেমন সৌন্দর্যহানি হবে, অপরদিকে ওই স্থানটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। দোকানঘর নির্মাণ বন্ধের জন্য ব্যবসায়ীরা রাজশাহী সিটি করপোরেশনের মেয়র বরাবর ১৮ আগস্ট লিখিত অভিযোগ করেন। তারপরেও নির্মাণকাজ বন্ধ করা হয়নি।সরেজমিনে দেখা যায়, দোতলার ওপরে মসজিদের দক্ষিণ পাশে ইতিমধ্যে পাঁচটি দোকানঘর নির্মাণ করা হয়েছে। উত্তর পাশে একটি টিনশেড ঘর বানানো হয়েছে। আরও চারটি ঘর নির্মাণ চলছে। গত রোববার দুপুরে দক্ষিণ পাশের ভাই ভাই শততা গার্মেন্টস নামের একটি দোকান খোলা পাওয়া যায়। দোকানদার মামুনুর রশিদ বলেন, তিনি হালিম ইউসুফের কাছ থেকে এক লাখ টাকা জামানত দিয়ে এটি ভাড়া নিয়েছেন। প্রতিমাসে ভাড়া দিতে হয় চার হাজার টাকা। পূর্ণ ঠিকানা না পাওয়ায় হালিম ইউসুফের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ব্যবসায়ীদের অভিযোগ, মসজিদের উত্তর পাশের দোকানগুলো করছেন রাজশাহী সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রবিউল আলম ওরফে মিলু। জানতে চাইলে তিনি বলেন, গত বছর নিউ মার্কেট কাঁচা বাজার উচ্ছেদের সময় যেসব ব্যবসায়ীকে পুনর্বাসন করা হয়নি, তাঁদের সেখানে দোকানঘর নির্মাণের জন্য জায়গা দেওয়া হয়েছে। উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা নিজেরাই সেখানে ঘর নির্মাণ করছেন। কিছু দিনের মধ্যে সেগুলো ভেঙে নিয়ে চলে যাবেন বলে আরডিএর অনুমোদন নেওয়া হয়নি। জামানতের টাকা ও ভাড়া নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এগুলো মিথ্যা কথা ভাই।’নিউ মার্কেটের পশ্চিম পাশের কাঁচাবাজার থেকে ব্যবসায়ীদের উঠিয়ে দিয়ে সেখানে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। সেখানকার ব্যবসায়ীদের পুনর্বাসনের নামে বছরখানেক আগে পূর্ব ও উত্তর পাশের ফুটপাতের ওপরে দোকানঘর তৈরি করা হয়। কিন্তু সবজির নয়, পূর্ব পাশের প্রায় সব দোকানই ইলেকট্রনিক সামগ্রীর। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব দোকান জামানত দিয়ে ভাড়া নেওয়া হয়েছে। মাসে মাসে ভাড়ার টাকা পরিশোধ করতে হয়। গ্রিনবাংলা টেলিকম নামে দোকানটি ভাড়া নিয়েছেন নূরুল ইসলাম। তিনি এ বাবদ জনৈক সাগরকে প্রতিমাসে ১৩ হাজার টাকা ভাড়া দেন। হামিম টেলিকমে বসা এক যুবক বলেন, তারা কার্টন নামের এক ব্যক্তির কাছ থেকে ৪০ হাজার টাকা জামানত দিয়ে দোকান নিয়েছেন। এখন প্রতিমাসে তারা ছয় হাজার টাকা করে ভাড়া দেন।সিটি করপোরেশনের সচিব কে এম আবদুস সালাম প্রথম আলোকে বলেন, নিয়ম অনুযায়ী করপোরেশন নিজে মার্কেট তৈরি করে ভাড়া অথবা ইজারা দেয়। আবার বিশেষ শর্তে কোনো ব্যবসায়ীকে দিয়েও দোকান নির্মাণ করে নিতে পারে। কিন্তু এগুলোর ব্যাপারে তাঁরা কিছুই জানেন না। ব্যবসায়ীদের অভিযোগের ব্যাপারে তিনি বলেন, কোনো লিখিত অভিযোগ তিনি পাননি। কিন্তু ঘটনা শুনেছেন। আরডিএর কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, নিয়ম অনুযায়ী আরডিএ থেকে নকশা অনুমোদন করেই স্থাপনা তৈরি করার কথা। কিন্তু এগুলোর ব্যাপারে তাঁরা কিছুই জানেন না।