রাজশাহী পলিটেকনিকে অপরাধী চক্র তত্পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে একটি চক্র ছাত্রদের কাছ থেকে মুঠোফোন সেট ছিনতাই ও চাঁদাবাজি করছে। ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের ছাত্র ও মহানগর ছাত্রলীগের সদস্য আল আমিন এই চক্রের নেতৃত্বে রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।শিক্ষার্থীদের অভিযোগ, এই চক্রের সদস্যরা কথা বলার জন্য ছাত্রদের কাছ থেকে প্রথমে মুঠোফোন সেট চেয়ে নেন। সেটি চাইলে তাঁরা ক্যাম্পাস থেকে বিদায় করার হুমকি দেন। অনেক সময় টাকা দিয়ে সেট নিয়ে যেতে বলেন। কিন্তু টাকা দিলেও সেটি আর দেওয়া হয় না। আবার শিবিরের তালিকায় নাম থাকার কথা বলে তা কাটাতে চাঁদাবাজি করছেন। দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, তিনি ক্যাম্পাসের বাইরে একটি মেসে থাকেন। গত ৪ জানুয়ারি ওই ছাত্রাবাসে গিয়ে শিবিরের তালিকায় তাঁর নাম রয়েছে বলে জানান ওই চক্রের কয়েকজন সদস্য। এ সময় তাঁরা তাঁর কাছে ওই তালিকা থেকে নাম কাটাতে টাকা দাবি করেন। টাকা দিতে না চাইলে তাঁর মুঠোফোন সেট কেড়ে নিয়ে আসেন। পরে টাকা দিয়ে সেটি নিয়ে আসতে বলেন। তিনি পরে ৪০০ টাকা দিতে গেলে তাঁরা টাকাটা নিয়ে নেন। কিন্তু মুঠোফোনের সেটটি আর ফেরত দেননি।তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী বলেন, চার মাস আগে তিনি বই কেনার জন্য বাড়ি থেকে টাকা নিয়ে সরাসরি ক্যাম্পাসে আসেন। এ সময় ওই চক্রের সদস্যরা তাঁর কাছ থেকে মুঠোফোনের সেট ও দুই হাজার টাকা ছিনিয়ে নেন।আল আমিন চাঁদাবাজি ও মুঠোফোনের সেট কেড়ে নেওয়ার সঙ্গে জড়িত চক্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ক্যাম্পাসে ছাত্রলীগের চারটি পক্ষ ছিল। অন্য তিনটি পক্ষের নেতারা পাস করে চলে গেছেন। তাঁদের অনুসারীরা তাঁর নাম ভাঙিয়ে ক্যাম্পাসে এখন এগুলো করছেন। ছাত্রলীগের কমিটি না থাকায় তিনি এককভাবে তাঁদের নিয়ন্ত্রণ করতে পারছেন না।ছাত্রলীগের রাজশাহী মহানগর শাখার সভাপতি শফিকুজ্জামান জানান, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের কোনো কমিটি নেই। আল আমিন মহানগর ছাত্রলীগের একজন সদস্য। তাঁর বিরুদ্ধে পলিটেকনিক শাখার সভাপতি পরিচয় দিয়ে চাঁদা চাওয়ার লিখিত অভিযোগও পাওয়া গেছে। মহানগর ছাত্রলীগের আগামী সভায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।ইনস্টিটিউটের অধ্যক্ষ আক্তারুজ্জামান বলেন, ‘এসব অপরাধ বন্ধে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছি। এ জন্য একটি ভিজিলেন্স টিমও গঠন করা হয়েছে।’