রাজশাহী পাসপোর্ট কার্যালয়ে অভিযান, নয় দালালের দণ্ড
রাজশাহীতে বিভাগীয় পাসপোর্ট কার্যালয়ে প্রতারণা, দালালি ও প্রলোভনের ফাঁদে ফেলে জনসাধারণকে হয়রানির দায়ে নয় দালালকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
র্যা ব সূত্রে জানা গেছে, গতকাল র্যা ব-৫-এর একটি দল বেলা সোয়া ১১টা থেকে ১২টা পর্যন্ত নগরের শালবাগানে অবস্থিত পাসপোর্ট কার্যালয়ে অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম শুক্লা সরকার।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন ফজর আলী (২৯), দুলাল হোসেন (৩৩), আজিজুল ইসলাম (৩০), মোকসেদ আলী (৬২), শহিদুল ইসলাম (৩১), সাইদুল ইসলাম (৪২), মো. রাজু (২৫), মো. পরশ (৩৫) ও মাসুম বিল্লা (২৭)।
জানা গেছে, পাসপোর্ট কার্যালয়ে কোনো আবেদনপত্র জমা দিতে গেলে সিংহভাগ আবেদনই ত্রুটিপূর্ণ বলে ফেরত দেওয়া হয়। একটি ত্রুটির জন্য ফরম বাতিল করে নতুন করে সব কাজ শেষ করে পরের দিন জমা দিতে গেলে নতুন আরেকটি ত্রুটি ধরে আবার সংশোধন করে আনতে বলা হয়। আর পাসপোর্ট কার্যালয়ের ফটকেই দাঁড়িয়ে থাকে একদল দালাল। তাদের হাতে টাকা দিলে সেই ত্রুটিপূর্ণ আবেদনপত্রেই কাজ হয়। দূর-দূরান্ত থেকে আসা মানুষ বাধ্য হয়ে একপর্যায়ে দালালের হাতে ফরম ছেড়ে দেয়। এ অভিযোগের পরিপ্রেক্ষিতেই র্যা ব গতকাল অভিযান চালায়।