রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান স্থগিত
শিক্ষকদের কর্মবিরতির কারণে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠান ও ক্লাস স্থগিত করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক নীরেন্দ্র নাথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ‘অনিবার্য কারণে স্থগিতের’ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের চলতি মাসের ১৫ তারিখ ওরিয়েন্টেশন হওয়ার কথা ছিল। এ ছাড়া ক্লাস শুরু হওয়ার তারিখ নির্ধারিত ছিল ১৬ জানুয়ারি।
জানতে চাইলে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ প্রথম আলোকে বলেন, দেশব্যাপী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতির কারণে ক্লাস-পরীক্ষা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। কবে কর্মসূচি প্রত্যাহার করা হবে তার ঠিক নেই। এ কারণে প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ও ক্লাস স্থগিত করতে হয়েছে। তবেই দ্রুতই ওরিয়েন্টেশনের সময় জানিয়ে দেওয়া হবে।