রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বস্তরের শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করা এবং মহাকাশবিষয়ক জ্ঞান ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল বিজ্ঞান উৎসব। অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অব রুয়েট এবং বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্রের যৌথ উদ্যোগে গতকাল সোমবার এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজন করা হয়।
বিকেল চারটায় প্রশাসনিক ভবনে হয় বিজ্ঞান অলিম্পিয়াড। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ শতাধিক শিক্ষার্থী চারটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেন। বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করেন উপাচার্য মোহা. রফিকুল আলম বেগ। এ সময়ে ছাত্রকল্যাণ পরিচালক এন এইচ এম কামরুজ্জামান সরকারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক উপস্থিত ছিলেন।
বিকেল পাঁচটায় রুয়েট মিলনায়তনে হয় জ্যোতির্বিজ্ঞানের সাম্প্রতিক পর্যবেক্ষণগুলো ‘বিগ ব্যাং টু বর্তমান মহাবিশ্ব’ শীর্ষক বিজ্ঞান বক্তৃতা। এতে প্রধান অতিথির বক্তব্য দেন রফিকুল আলম বেগ এবং প্রধান আলোচকের যুক্তরাষ্ট্রের রিভারসাইড কলেজের অধ্যাপক জ্যোতির্বিদ দীপেন ভট্টাচার্য। সভাপতিত্ব করেন এন এইচ এম কামরুজ্জামান সরকার।
সন্ধ্যায় কেন্দ্রীয় মাঠে আয়োজন করা হয় মহাকাশ পর্যবেক্ষণ ক্যাম্প। এই ক্যাম্পে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা টেলিস্কোপের সাহায্যে রাতের মহাকাশ এবং চাঁদ পর্যবেক্ষণ করেন।