ল্যাপটপ চুরির ঘটনায় সৃষ্ট উত্তেজনাকে কেন্দ্র করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক সপ্তাহের ছুটি ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক এন এইচ এম কামরুজ্জামান সরকার বলেন, আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণার পর গতকাল বেলা তিনটার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
উপাচার্য রফিকুল আলম বেগ সাংবাদিকদের বলেন, ‘ছাত্রদের মধ্যে মারামারির ঘটনায় নিরাপত্তার স্বার্থে প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।’
শিক্ষার্থীরা জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের ২১৭ নম্বর কক্ষ থেকে তিনটি ল্যাপটপ হারিয়ে যায় বলে অভিযোগ করেন ওই কক্ষের শিক্ষার্থীরা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্রকল্যাণ পরিচালক সিদ্ধার্থ শংকর ওই হলে খোঁজ নিতে যান। এ সময় ৪০৩ নম্বর কক্ষের ছাত্রলীগ নেতা শাকিল কবিরের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। ওই শিক্ষার্থীরা বলেন, একপর্যায়ে শাকিলকে চড় মারেন সিদ্ধার্থ শংকর। এ ঘটনায় ওই হলের ছাত্রলীগের নেতা-কর্মীরা সিদ্ধার্থ শংকরকে হলের প্রাধ্যক্ষের কক্ষে আটকে রাখেন। তাঁকে লাঞ্ছিত করা হয় বলেও অভিযোগ উঠেছে। এ নিয়ে হলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে মহানগর আওয়ামী লীগ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। সিদ্ধার্থ শংকর রাজশাহী মহানগর আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানের দাবি, বৃহস্পতিবার রাতে বহিরাগত কিছু লোক ছাত্রলীগের কর্মী রাকেশ, সারওয়ার, মাসুমের ওপর হামলা চালায়। এতে কয়েকজন আহত হন।
বিশ্ববিদ্যালয়ের ছয়টি হলে প্রায় দুই হাজার শিক্ষার্থী থাকেন। গতকাল সকালে হঠাৎ হল ত্যাগের ঘোষণা আসায় বিপাকে পড়েন তাঁরা।
২০১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা ১৬ নভেম্বর থেকেই শুরু হওয়ার কথা ছিল। তবে তা আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে।