রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় খুলছে আগামী ১৭ এপ্রিল
সংঘর্ষের ঘটনার জের ধরে টানা প্রায় দুই মাস বন্ধ থাকার পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলছে ১৭ এপ্রিল। গত মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত হয়।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, উপাচার্য অধ্যাপক সিরাজুল করিম চৌধুরীর সভাপতিত্বে সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৭ এপ্রিল সকাল ১০টায় সব আবাসিক হল খুলে দেওয়া হবে। ১৮ এপ্রিল থেকে সব বর্ষের ক্লাস নির্ধারিত শুরু হবে। উপাচার্য অধ্যাপক সিরাজুল করিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় ব্যক্তিবর্গ, জনপ্রশাসন, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতাও কামনা করেন।গত ২৩ ফেব্রুয়ারি ক্যাম্পাসে নবনির্মিত শহীদ মিনারের বেদিতে বসে গল্প করার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিদের সংঘর্ষ হয়। এতে ওই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ও সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হন। এ ঘটনার পর কর্তৃপক্ষ ওই দিনই জরুরি সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।