রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ভাঙচুর
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রধান প্রকৌশলীর দপ্তরের সামনে ভাঙচুর চালিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিভিন্ন অনিয়ম ও গাফিলতির অভিযোগ তুলে গতকাল সোমবার তাঁরা ওই ভাঙচুর চালান। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীর নেতৃত্বে বেশ কিছু শিক্ষার্থী গতকাল বিকেলে প্রধান প্রকৌশলী শফিউদ্দীন মিয়ার সঙ্গে দেখা করতে তাঁর দপ্তরে যান। এ সময় তাঁকে না পেয়ে ছাত্রলীগ নেতা-কর্মীরা তাঁর কক্ষে তালা লাগিয়ে দেন এবং দপ্তরের সামনে একটি দরজা ভাঙচুর করেন। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক হারুন-অর-রশিদ জানান, রুয়েটে প্রধানমন্ত্রীর নামে নির্মিত হলে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয় আগেই। এরপর অনেকটা সময় পার হয়েছে। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী শফি উদ্দিন মিয়া সেটি স্থাপনে গাফিলতি দেখাচ্ছেন। গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর জন্মদিনে প্রতিকৃতিটি উদ্বোধনের কথা ছিল। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিরও অভিযোগ রয়েছে বলে দাবি করেন ছাত্রলীগের এই নেতা। প্রকৌশলীর দপ্তরে তালা দেওয়ার কথা স্বীকার করলেও তিনি ভাঙচুর করার কথা অস্বীকার করেন। উপাচার্য সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘ওরা ভাঙচুর করে তাঁর সঙ্গে দেখা করতে এসেছিল। এটা খুবই খারাপ। কোনো অভিযোগ থাকলে ওরা আগেই ছাত্র উপদেষ্টা বা আমাকে জানাতে পারত। ওই প্রকৌশলীর সহযোগিতাতেই বরং প্রধানমন্ত্রীর প্রতিকৃতি স্থাপনের কাজ এগিয়ে যাচ্ছে।’