রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বিতর্কে চ্যাম্পিয়ন 'দুর্বার'

‘যুক্তি হোক জীবন পরিমিতির মাপকাঠি’ স্লোগানকে সামনে রেখে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল বিতর্ক নিয়ে ভিন্ন রকমের এক প্রতিযোগিতা। ফুটবল, ক্রিকেটের আদলে বিতর্ক নিয়ে রুয়েট ডিবেট ফোরাম আয়োজন করেছিল ডিবেট প্রিমিয়ার লীগ (ডিপিএল)। গত ১১ জুন অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন মুকুট অর্জন করে ‘টিম দুর্বার’। টিম বিডিং’-এর মাধ্যমে গত ৫ মে টুর্নামেন্ট শুরু হয়। চ্যাম্পিয়ন শিরোপা অর্জনের লক্ষ্যে ছয়টি দলের ৩০ জন বিতার্কিক অবতীর্ণ হন এই যুক্তির লড়াইয়ে। ফাইনালে মোকাবিলা করে টিম দুর্বার ও টিম জিনিয়ন্স।
সংসদীয় বিতর্কে সরকারি দল দুর্বার ছায়া প্রস্তাব করেন, ‘এ সংসদ প্রকৌশলীদের হাতে দেশ-শাসন ছেড়ে দেবে’। যুক্তির লড়াই শেষে বিজয়ী হয় টিম দুর্বার। টিম দুর্বারের হয়ে বিতর্কে অংশ নেন তানসিফ আনজার, সাদ খান, সায়েম আহমেদ ও জোবায়ের হোসেইন। ফাইনালে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন টিম দুর্বার’র তানসিফ আনজার আর টুর্নামেন্ট সেরা তার্কিক নির্বাচিত হন টিম ফিনিক্স এর তারেক রাহমান।
টুর্নামেন্ট সংসদীয় বিতর্ক ছাড়াও পাবলিক স্পিকিং ও বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাবলিক স্পিকিং এ তারেক রাহমান চ্যাম্পিয়ন ও জান্নাতুল মাওয়া রানার আপ হন। বারোয়ারি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ফাহমিদ লতিফ ও রানার আপ হৃদয় ভৌমিক।
ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল আলম বেগ। বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সহযোগিতায় টুর্নামেন্টের ইভেন্ট পার্টনার ছিল ইয়ুথ কার্নিভ্যাল।