রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ১০ ছাত্রকে বহিষ্কারের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী আবদুল আজিজ খান ওরফে সজীব হত্যায় জড়িত থাকার অভিযোগে ১০ জন ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।ক্যাম্পাস সূত্রে জানা গেছে, আজিজ হত্যাকাণ্ডের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ৩০ মার্চ ১০ ছাত্রকে কারণ দর্শানোর নোটিশ দেয়। নোটিশ পেয়ে অভিযুক্ত ছাত্ররা তাঁদের বক্তব্য দেন। এরপর তথ্য যাচাই করে আইনশৃঙ্খলা পর্ষদ এই সিদ্ধান্ত নেয়। সভায় ছয়জনকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য, তিনজনকে তিন বছরের জন্য এবং একজনকে দুই বছরের জন্য বহিষ্কার করার সুপারিশ করা হয়েছে। যাঁদের আজীবনের জন্য বহিষ্কারের সুপারিশ করা হয়েছে তাঁরা হলেন ইলেকট্রিক্যাল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মোহায়েমিনুল হক ওরফে পলাশ, একই বিভাগের ও একই বর্ষের রাজিবুল ইসলাম, তানভীর আহমেদ, জাহাঙ্গীর আলম; পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের সুফিয়ান আলম এবং যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের আরাফাত আল জামী।যাঁদের তিন বছরের জন্য বহিষ্কারের সুপারিশ করা হয়েছে তাঁরা হলেন, পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের মির্জা আবু গোলাম রাসেল, একই বিভাগের ও একই বর্ষের জয়ন এবং চতুর্থ বর্ষের কাজী মাসতিক আহমেদ। আর পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলামকে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। উপাচার্য সিরাজুল করিম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিছু আইনি দিকে বিবেচনা করে দ্রুত এ ব্যাপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল ও পূর্ব শত্রুতার জের ধরে গত ১২ মার্চ বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটোরিয়ার সামনে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন ছাত্রলীগের দুই কর্মী আজিজ খান ও রনি। তাঁদের মধ্যে গত ১৫ মার্চ গভীর রাতে ঢাকার সাভারের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল আজিজ খান। এ ঘটনায় নগরের মতিহার থানায় ১৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়।