রাজশাহী প্রেসক্লাবে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রেসক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ আসবাব পুড়ে গেছে। গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, তিনি রাতে সেখানে বসে টেলিভিশনে টক শো দেখছিলেন। হঠাৎ পাশের সংবাদ কক্ষে আগুন দেখতে পান। এ সময় তিনি ধোঁয়ার কারণে ভেতরে আটকা পড়েন। তাঁর চিৎকারে পরে নৈশপ্রহরীরা এসে তাঁকে উদ্ধার করেন। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
অগ্নিকাণ্ডে তিনটি কম্পিউটার, দুটি সিপিইউ, একটি প্রিন্টার মেশিন, একটি স্ক্যানার মেশিন, একটি টেলিভিশন, একটি সিলিং ফ্যান, ২৫টি প্লাস্টিকের চেয়ারসহ মূল্যবান ফাইলপত্র, বই ও পুরোনো পত্রিকা ও সোলার প্যানেল সিস্টেম সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এতে আনুমানিক ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
রাজশাহী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, বুধবার দিবাগত রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।