রাজশাহী, বগুড়া ও বিশ্বনাথে আজ হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে দেশব্যাপী ১৮-দলীয় জোটের রাজপথ-রেলপথ-নৌপথ অবরোধের প্রথম দিন গতকাল মঙ্গলবার নেতা-কর্মীদের ওপর পুলিশের হামলা-গুলিতে নিহত ও গ্রেপ্তারের প্রতিবাদে আজ বুধবার রাজশাহী, বগুড়া ও সিলেটের বিশ্বনাথে এবং কাল বৃহস্পতিবার সিরাজগঞ্জ ও কুমিল্লায় হরতাল ডাকা হয়েছে। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী মহানগরে আজ সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধা বেলা হরতাল ডেকেছে বিএনপি। গতকাল মিছিলে পুলিশের গুলি ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক আহত হওয়ার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়। বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি মিজানুর রহমান গতকাল এক সংবাদ সম্মেলনে এ হরতালের ঘোষণা দেন।
বগুড়ার ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী গতকাল পুলিশের গুলিতে নিহত হওয়ার প্রতিবাদে জেলায় আজ বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দল। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দাবি করেন, বিনা উসকানিতে পুলিশ-বিজিবি সদস্যরা যুবদলের শান্তিপূর্ণ মিছিল-সমাবেশে গুলি চালিয়ে ইউসুফকে হত্যা করেছেন।
সিলেটের রশিদপুরে গতকাল পুলিশের সঙ্গে বিশ্বনাথ উপজেলা বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌছ খানসহ চারজনকে আটক করেছে পুলিশ। এর প্রতিবাদে আজ বিশ্বনাথ উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে উপজেলা বিএনপি।
কুমিল্লা ও সিরাজগঞ্জে কাল হরতাল: কুমিল্লা শহর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ুম ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. রায়হানকে আটক এবং ছাত্রদলের কর্মী দেলোয়ার হোসেনকে হত্যার প্রতিবাদে কাল বৃহস্পতিবার আধা বেলা হরতাল ডেকেছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি।
রাজমিস্ত্রি সাকমান হোসেন নিহত হওয়ার ঘটনায় এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নূর কায়েমকে গ্রেপ্তারের প্রতিবাদে কাল বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।