রাজশাহী বাস টার্মিনালের অবৈধ স্থাপনা উচ্ছেদ
রাজশাহী নগরের শিরোইল এলাকায় অবস্থিত শহীদ এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় বাস টার্মিনালের ভেতরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) উদ্যোগে এই অভিযান চালানো হয়। এতে সহযোগিতা করে বোয়ালিয়া মডেল থানার পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আরডিএর সম্পত্তি কর্মকর্তা মো. বদরুজ্জামান ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মনজুর রহমানের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান শুরু করে পুলিশ। শ্রমিকদের সহযোগিতায় সেখানে নির্মিত দুটি পাকাঘর গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর সেখানে থাকার আরও কয়েকটি টিনের ঘর ভেঙে ফেলা হয়। ভেঙে ফেলা ঘরগুলোর মধ্যে পরিবহনশ্রমিকদের বসার জন্য একটি খড়ের তৈরি ঘরও ছিল। যেখানে তাঁরা বিশ্রাম নিতেন। সেই ঘরটিও ভেঙে ফেলার পর ক্ষুব্ধ হয়ে কয়েকজন শ্রমিক তাতে আগুন লাগিয়ে দেন। স্থানীয় লোকজন বলছেন, কয়েকজন শ্রমিকনেতার মদদে ঘরগুলোতে অবৈধ জুয়ার আসর বসানো হতো। কোনোটিতে মাদকের আড্ডা বসত।
মো. বদরুজ্জামান জানান, আরডিএর তত্ত্বাবধানে বাস টার্মিনালটি পরিচালিত হয়। বছরখানেক আগে টার্মিনালের ভেতরে কিছু অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়। গতকাল পুলিশ প্রশাসনের সহযোগিতায় সেসব স্থাপনা উচ্ছেদ করা হয়। টার্মিনালের ভেতর থেকে দুটি পাকাঘর এবং পাঁচটি টিনের ঘর ভেঙে দেওয়া হয়েছে। এতে বাসমালিক সমিতি তাদের সহযোগিতা করে। আরও যেসব অবৈধ স্থাপনা আছে, তাদের নোটিশ করা হবে। নিজেরা সরিয়ে না নিলে সেগুলোও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।