রাজশাহী বিভাগে অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিকদের নিয়োগপত্র দেওয়াসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিরাজগঞ্জসহ রাজশাহী বিভাগের আট জেলায় আজ সোমবার সকালে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় কমিটি এ ধর্মঘট ডেকেছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে সিরাজগঞ্জ বাসস্ট্যান্ড ও ট্রাকস্ট্যান্ড থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে পরিবহন চলাচল বন্ধ। অটোরিকশা ও মাইক্রোবাস চলাচলও বন্ধ রয়েছে। তবে বঙ্গবন্ধু সেতু হয়ে মহাসড়কে ট্রাক, দূরপাল্লার কিছু বাস ও মাইক্রোবাস চলাচল করতে দেখা যায়।

সিরাজগঞ্জ জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আনসার আলী বলেন, সরকারি আইন থাকা সত্ত্বেও এখন পর্যন্ত সড়ক পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র দেওয়া হয়নি। ফলে শ্রমিকেরা কল্যাণ তহবিলের সুবিধা পাচ্ছেন না। অনেক সংগ্রামের পর উচ্চ আদালত ড্রাইভিং লাইসেন্স নবায়নের অনুমতি দিলেও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) নানা সমস্যা ও জটিলতা দেখিয়ে শ্রমিকদের বিভিন্নভাবে হয়রানি করছে। তিনি আরও বলেন, ওভারলোড চেকিংয়ের নামে বিভিন্ন সেতুতে ট্রাকশ্রমিকদের হয়রানি-নির্যাতন করাসহ বিভিন্ন সড়কে অবৈধভাবে চাঁদা ও টোল আদায় চলছে। প্রস্তাবিত ১০ দফা দাবি না মানা পর্যন্ত তাঁদের এই ধর্মঘট চলবে বলে জানান তিনি।