রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘট আজ
মহাসড়কে পুলিশের চাঁদাবাজি বন্ধসহ ১০ দফা দাবিতে আজ সোমবার সকাল ছয়টা থেকে রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বিভাগীয় কমিটি এই ধর্মঘটের ডাক দেয়। ফেডারেশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সম্প্রতি মহাসড়কে পুলিশ বেপরোয়া চাঁদাবাজি করছে। চাঁদা না দিলে নানা অজুহাতে পুলিশ তাদের হয়রানি করছে। তারা বেশ কিছুদিন থেকে এই চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়ে আসছিল।
এ ছাড়া শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, যমুনা সেতু টোলপ্লাজায় অতিরিক্ত বোঝাইয়ের অজুহাতে বেশি টাকা আদায় বন্ধসহ ১০ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট ডাকা হয়েছে। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন বলেন, গত ২৬ জুন বিভাগীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২৭ জুন বগুড়ায় সংবাদ সম্মেলন করে তারা এই সিদ্ধান্ত ঘোষণা করেছে। ধর্মঘটের বিষয়টি জানিয়ে রাজশাহীসহ বিভাগের আট জেলায় মাইকিং করা হচ্ছে।