স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে রাজশাহী বিভাগে ২ হাজার ৫০০ কোটি টাকার উন্নয়নকাজ চলছে বলে জানিয়েছেন প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী। তিনি বলেন, ২৫টি প্রকল্প এবং একটি কর্মসূচির মাধ্যমে এই উন্নয়নকাজ করা হচ্ছে, যা সর্বকালের রেকর্ড।
গতকাল শনিবার সকালে রাজশাহীতে ‘এলজিইডির রাজশাহী ও বগুড়া অঞ্চলের চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই কর্মশালা হয়।
শ্যামা প্রসাদ অধিকারী বলেন, বর্তমানে রাজশাহী অঞ্চলে ১ হাজার ৫০০ কোটি টাকা এবং বগুড়া অঞ্চলে ১ হাজার কোটি টাকার কাজ চলছে। বর্তমান সরকারের তিন বছরে এলজিইডির মাধ্যমে রাজশাহী বিভাগে প্রায় ১০ হাজার কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়িত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডির রাজশাহী বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলী আহমেদ, ঢাকা সদর দপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (রক্ষণাবেক্ষণ) জয়নাল আবেদীন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (নগর ব্যবস্থাপনা) আনোয়ার হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর মোহাম্মদ প্রমুখ। দিনব্যাপী এ কর্মশালায় রাজশাহী ও বগুড়া অঞ্চলের প্রায় সাড়ে পাঁচ শ প্রকৌশলী অংশ নেন।
কর্মশালায় অংশগ্রহণকারী প্রকৌশলীদের উদ্দেশে প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী বলেন, ‘যেকোনো অনিয়মের বিরুদ্ধে আমার অবস্থান থাকবে।’