রাজশাহী বিভাগের পরিবহন ধর্মঘট স্থগিত
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন তাদের অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট স্থগিত করেছে। তাদের ১০ দফা দাবির মধ্যে চারটি মেনে নিয়ে বাকিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস পেয়ে তারা এই সিদ্ধান্ত নেয়।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে শ্রমিকনেতারা ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন। এর পরপরই যানবাহন চলাচল শুরু হয়। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিভাগের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন জানান, দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমেদের সঙ্গে তাঁদের বৈঠক হয়েছে।
বৈঠকে শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স নবায়ন, মহাসড়কে পুলিশের চাঁদাবাজি বন্ধ ও রাজশাহী বিভাগের যুগ্ম শ্রম পরিচালকের অপসারণের দাবি মেনে নেওয়া হয়েছে। একই সঙ্গে বাকি দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলে শ্রমিকদের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়।
সোমবার সকাল ছয়টা থেকে ধর্মঘট শুরু হয়। এ কারণে রাজশাহী বিভাগে বাসসহ সব ধরনের পরিবহন বন্ধ হয়ে যায়। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছে যাত্রীরা।