রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্যকে লাঞ্ছিতের ঘটনায় নিন্দা, শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিনকে সাংসদ ও আওয়ামী লীগের নেতাদের লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন। জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছেন তাঁরা।

১৫ এপ্রিল বুধবার রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী টেবিল চাপড়ে উপাচার্যকে শাসান। এর পরদিন গতকাল বৃহস্পতিবার মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নেতৃত্ব আওয়ামী লীগ নেতারা উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিনের দপ্তরে তাঁকেসহ বেশ কয়েকজন শিক্ষককে গালাগাল ও হুমকি দেন এবং তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ সময় ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

উপাচার্য ও শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় গভীর উদ্বেগের সঙ্গে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল রাতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মহা. রেজাউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উপাচার্য দপ্তরে সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ। রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান; এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও স্বায়ত্তশাসনের প্রতি চরম হুমকি।’

প্রগতিশীল শিক্ষক সমাজের ভারপ্রাপ্ত আহ্বায়ক মামুনুর রশিদ তালুকদার স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ। উপাচার্যের সঙ্গে আচরণের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যথাযথ সম্মান প্রদর্শন ও দায়িত্বশীল আচরণ করা সমীচীন।’

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি কে বি এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পরপর দুদিন সরকার দলীয় একজন সাংসদ ও মহানগর আওয়ামী লীগ নেতার হুমকি ও লাঞ্ছনার ঘটনায় আমরা হতবাক হয়েছি। ঘটনায় দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

এদিকে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি গত বুধবার ও বৃহস্পতিবারের ঘটনাকে ন্যক্কারজনক ও নজিরবিহীন উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছে।

এ ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্রমৈত্রী। আজ শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় বিপ্লবী ছাত্রমৈত্রী আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্তাব্যক্তিকে অপমান মূলত গোটা বিশ্ববিদ্যালয় তথা ছাত্র-শিক্ষক-কর্মচারীদের অপমানের পর্যায়ে পড়ে। একজন সংসদ সদস্য কর্তৃক সম্পাদিত এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয় আইন তথা ৭৩’ র অধ্যাদেশের পরিপন্থী।’ সংবাদ সম্মেলন থেকে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন সমুন্নত রাখতে লাঞ্ছনার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় এনে শাস্তি দিতে রাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করা হয়।

ছাত্র ফেডারেশন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবকের সঙ্গে বহিরাগতদের এ রকম ঘটনা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের চেতনার পরিপন্থী। এতে বিশ্ববিদ্যায়ের মর্যাদা ব্যাপকভাবে ক্ষুণ্ন হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই।’

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘এ ধরনের ঘটনা পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য চরম অবমাননাকর।’ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তাঁরা।

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিয়ম-বিধি মেনে সবকিছু হবে এটাই স্বাভাবিক। উপাচার্যের দপ্তরে এ ধরনের আচরণ ও বিশৃঙ্খলা সৃষ্টি করাটা দুঃখজনক। এরপরও এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের মতো মর্যাদাকর প্রতিষ্ঠানের জন্য গ্রহণযোগ্য নয়।’