রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আবাসিক এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩২) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাড়ার প-৭৬ নম্বর কোয়ার্টারের পেছন থেকে লাশটি উদ্ধার করে নগরের মতিহার থানার পুলিশ।
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, লাশটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের তার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাড়ায় শিক্ষকদের কয়েকটি আবাসিক ভবন রয়েছে। গতকাল সকালে প-৭৬ নম্বর কোয়ার্টারের প্রহরী ওই ভবনের পেছনে একজনকে পড়ে থাকতে দেখেন। ওই ভবনের আবাসিক শিক্ষকেরা বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান। পরে ঘটনাস্থলে গিয়ে হাতে লাল স্কচটেপ জড়ানো পুরোনো হ্যাকসো ব্লেড ও বৈদ্যুতিক তারসহ এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
তারিকুল হাসান আরও জানান, প-৭৬ নম্বর কোয়ার্টারের পেছনে তামার বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।