রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাল শিবিরের ধর্মঘট
রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের নেতা রাসেল আলমের ওপর হামলার ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আগামীকাল বৃহস্পতিবার ক্যাম্পাসে ধর্মঘট ডেকেছে ছাত্রশিবির। তবে প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সবকিছু স্বাভাবিক রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
জড়িতদের গ্রেপ্তারে আজ বুধবার পর্যন্ত প্রশাসনকে শিবিরের বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাউকে গ্রেপ্তার না করায় এ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। বিকেলে বিশ্ববিদ্যালয় শিবিরের প্রচার সম্পাদক ফরহাদ রেজা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি আশরাফুল আলম বলেন, ‘পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন রাসেল আলমের ওপর চিহ্নিত হামলাকারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা না নেওয়ায় ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা বৃহস্পতিবার ক্যাম্পাসে সর্বাত্মক ছাত্র ধর্মঘটের ডাক দিচ্ছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান প্রথম আলোকে বলেন, ‘শুনেছি শিবির ধর্মঘট ডেকেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সবকিছু স্বাভাবিক রাখার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমরা শিক্ষার্থীদের জানাতে চাই, বৃহস্পতিবার ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা হবে, গাড়ি চলবে। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ থাকবে।’
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ক্যাম্পাসে শিবিরের যেকোনো ধরনের নাশকতা দমনে বৃহস্পতিবার পুলিশ আরও সতর্ক অবস্থানে থাকবে।
১৬ জুন বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনে হামলায় আহত হন শিবির নেতা রাসেল আলম।