রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক হলে গুলি-বিস্ফোরণের শব্দ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলে গতকাল শুক্রবার রাতে ১০ মিনিটের ব্যবধানে একটি গুলি ও চারটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এ ঘটনায় হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ওই হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী বলেন, রাত সোয়া ১২টার দিকে হলের তৃতীয় ব্লকের দ্বিতীয় তলা, তৃতীয় তলা ও ছাদ থেকে এসব বিস্ফোরণ ও গুলির শব্দ পাওয়া যায়। এ ঘটনার পর রাত পৌনে একটার দিকে হল শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ রানার নেতৃত্বে ছাত্রলীগের ২০-২৫ জন নেতা-কর্মী হলের তৃতীয় ব্লকের বিভিন্ন কক্ষে তল্লাশি চালায় ও শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করে।
এ ব্যাপারে রবিউল ও মাসুদ বলেন, ঘটনার পর তাঁরা হলের শিক্ষার্থীদের কাছে থেকে ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করেছেন। তবে কে বা কারা এ কাজ করেছেন, তাঁরা তা জানতে পারেননি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, ‘শব্দ পাওয়ার ঘটনা জানার পর হলের প্রাধ্যক্ষের সঙ্গে কথা বলেছি। তিনি বিস্তারিত খোঁজ নিয়ে জানালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, ঘটনা শোনার পর পুলিশ সেখানে গিয়েছে। প্রহরীরা পুলিশকে জানিয়েছে, কে বা কারা পটকা ফুটিয়েছে। আর প্রক্টর পুলিশকে জানিয়েছেন, কোনো সমস্যা নেই।