রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার এন্তাজুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এম এন্তাজুল হক আজ শনিবার নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন। গত বুধবার নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এই পদ থেকে পদত্যাগ করার পর এন্তাজুল তাঁর স্থলাভিষিক্ত হলেন।

প্রশাসনিক কাজে উপাচার্যের একান্ত সচিব (পিএস) শাহাবুদ্দিন সরকারের  হস্তক্ষেপের অভিযোগ তুলে নজরুল ইসলাম পদত্যাগপত্র জমা দেন।

এন্তাজুল হক দায়িত্ব গ্রহণের সময় জনসংযোগ দপ্তরের প্রশাসক ইলিয়াছ হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার শেখ সা’দ আহমেদ, অফিসার সমিতির সভাপতি ফজলুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেলা ১১টার দিকে এন্তাজুল হক কাজে যোগ  দেন। তিনি প্রায় ৪০ বছর ধরে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। বর্তমানে তিনি রসায়ন বিভাগের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি হল প্রাধ্যক্ষ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক, সিন্ডিকেট সদস্যসহ অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সাবেক রেজিস্ট্রার নজরুল ইসলামের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে।জনসংযোগ দপ্তরের প্রশাসক ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন প্রচলিত বিধি-বিধান দৃঢ়ভাবে মেনেই কাজ করছেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এম নজরুল ইসলাম যেসব অভিযোগ করেছেন, তা সঠিক নয়। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।’