রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ১০ নভেম্বর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামী ১০ নভেম্বর শুরু হবে। পরীক্ষা চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। মোট ১৬টি ইউনিটে (ক্লাস্টারে) এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন জানান, চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জন্য আজ সোমবার আন্তবিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ১০ নভেম্বর ভর্তি পরীক্ষা শুরু হবে। আটটি অনুষদের ৪৭টি বিভাগের এই ভর্তি পরীক্ষা গতবারের মতো ১৬টি ইউনিটে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার আবেদনের যোগ্যতা ও অন্যান্য শর্তের ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন আসছে না। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচির সঙ্গে সমন্বয় করে পরীক্ষা গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে বলেও জানান উপাচার্য।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নজরুল ইসলাম জানান, ৮ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষার উপকমিটির বৈঠকে পরীক্ষার সময়সূচিসহ অন্যান্য বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে পরীক্ষার ফরম পূরণ শুরু হবে।