রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খুনের প্রতিবাদে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় সমাবেশ করেছে প্রথম আলো বন্ধুসভা। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশে একের পর এক প্রগতিশীল শিক্ষক, ব্লগার ও বুদ্ধিজীবীদের হত্যা করা হচ্ছে। বারবার হত্যাকাণ্ড ঘটিয়ে পার পেয়ে যাচ্ছে খুনিরা। বিচারহীনতার সংস্কৃতি চলার কারণে হত্যাকারীরা উৎসাহিত হচ্ছে।
বক্তারা আরও বলেন, এ ধরনের হত্যাকাণ্ডের মাধ্যমে প্রগতিবিরোধীরা সমাজকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। তারা জাতির বিবেক শিক্ষক ও বুদ্ধিজীবীদের হত্যা করে সমাজকে উল্টোপথে পরিচালিত করতে চাচ্ছে।
অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা প্রথম আলো বন্ধুসভার সভাপতি ফলিত ও পরিবেশ রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সুমন গাঙ্গুলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রথম আলো বন্ধুসভার সহসভাপতি রাজীব কুমার বিশ্বাস, পরিবেশবিষয়ক সম্পাদক রফিক আহমেদ, অর্থ সম্পাদক মৌসুমী আহমেদ, শিক্ষার্থী ওমর ফারুক প্রমুখ।
আরও কর্মসূচি: প্রথম আলো বন্ধুসভার সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নোমান চৌধুরীর অকাল মৃত্যুতে শোকসভা করেছে প্রথম আলো বন্ধুসভা।
এতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি কামাল উদ্দিন, বন্ধুসভার সদস্যরা ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ শোকসভা হয়।